
|
এবার হাজির সংখ্যা বেড়েছে ২.৪ শতাংশ
প্রকাশ:
২৭ মে, ২০২৬, ০১:০২ দুপুর
নিউজ ডেস্ক |
চলতি বছর পবিত্র হজ পালন করছেন ১৭ লাখেরও বেশি মুসলিম। সৌদি আরব কর্তৃপক্ষ জানিয়েছে, এ বছর মোট ১৭ লাখ ৭ হাজার ৩০১ জন হাজি হজে অংশ নিয়েছেন, যাদের অধিকাংশই সৌদি আরবের বাইরের দেশ থেকে আগত। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, গত বছরের তুলনায় এবার হাজির সংখ্যা বেড়েছে ৩৪ হাজার ৭১ জন, যা প্রায় ২ দশমিক ৪ শতাংশ বৃদ্ধি। ২০২৫ সালে হজে অংশ নিয়েছিলেন ১৬ লাখ ৭৩ হাজার ২৩০ জন মুসল্লি। সৌদি কর্তৃপক্ষ বলছে, হজ ব্যবস্থাপনা আরও সহজ ও আধুনিক করতে নেওয়া নানা উদ্যোগ, প্রবেশপথে অবকাঠামো সম্প্রসারণ এবং সেবার মানোন্নয়নের ফলেই হাজিদের অংশগ্রহণ বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে বৈশ্বিক ও আঞ্চলিক নানা পরিবর্তনের মধ্যেও হজের প্রতি মুসলমানদের আগ্রহ অব্যাহত রয়েছে। কর্তৃপক্ষ আরও জানায়, ডিজিটাল সেবা সম্প্রসারণ, উন্নত জনসমাগম নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং নিরাপত্তা, স্বাস্থ্য ও লজিস্টিক বিভাগগুলোর সমন্বিত কার্যক্রম এবারের হজ ব্যবস্থাপনাকে আরও কার্যকর করেছে। সৌদি আরবের জেনারেল অথরিটি ফর স্ট্যাটিস্টিকসের তথ্য অনুযায়ী, মোট হাজিদের মধ্যে ১৫ লাখ ৪৬ হাজার ৬৫৫ জন সৌদি আরবের বাইরে থেকে এসেছেন। এছাড়া সৌদি নাগরিক ও দেশটিতে বসবাসরত হাজির সংখ্যা ১ লাখ ৬০ হাজার ৬৪৬ জন। বিদেশ থেকে আগত হাজিদের মধ্যে ১৪ লাখ ৮৫ হাজার ৭২৯ জন বিমানপথে সৌদি আরবে পৌঁছেছেন। এছাড়া স্থলপথে এসেছেন ৫৪ হাজার ৪২৯ জন এবং সমুদ্রপথে আগমন করেছেন ৬ হাজার ৪৯৭ জন। এদিকে ‘মক্কা রুট ইনিশিয়েটিভ’ সেবার আওতায় সুবিধাপ্রাপ্ত হাজির সংখ্যাও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এ কর্মসূচির মাধ্যমে হাজিরা নিজ দেশ থেকেই ইমিগ্রেশন, পাসপোর্ট ও কাস্টমস কার্যক্রম সম্পন্ন করে সরাসরি আবাসস্থলে পৌঁছাতে পারেন। ফলে সৌদি বিমানবন্দরে দীর্ঘ অপেক্ষা এড়ানো সম্ভব হয়। এ বছর এ সেবার আওতায় সুবিধা নিয়েছেন ৩ লাখ ৮৮ হাজার ৬৯৪ জন হাজি। গত বছর এ সংখ্যা ছিল ৩ লাখ ১৪ হাজার ৩৩৭ জন। অর্থাৎ এক বছরে এ সেবার ব্যবহার বেড়েছে প্রায় ২৩ দশমিক ৭ শতাংশ। হজ ব্যবস্থাপনায় নিয়োজিত কর্মীর সংখ্যাও বেড়েছে। এ বছর হজ পরিচালনায় কাজ করছেন ৪ লাখ ৪১ হাজার ৪৯ জন কর্মী, যেখানে গত বছর এ সংখ্যা ছিল ৪ লাখ ২০ হাজার ৭০ জন। তবে স্বেচ্ছাসেবকের সংখ্যা কমেছে। ২০২৫ সালে যেখানে ৩৪ হাজার ৫৪০ জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করেছিলেন, সেখানে এ বছর তাদের সংখ্যা নেমে এসেছে ২৬ হাজার ৭০১ জনে; যা প্রায় ২২ দশমিক ৭ শতাংশ হ্রাস। সৌদি জেনারেল অথরিটি ফর স্ট্যাটিস্টিকস জানিয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসনিক তথ্যের ভিত্তিতে এসব পরিসংখ্যান প্রস্তুত করা হয়েছে, যাতে তথ্যের নির্ভুলতা ও নির্ভরযোগ্যতা নিশ্চিত করা যায়। সূত্র: আরব নিউজ |