ঈদের ছুটিকে কেন্দ্র করে প্রস্তুত গোয়াইনঘাটের পর্যটন স্পটগুলো
প্রকাশ: ২৮ মে, ২০২৬, ০৪:২৩ দুপুর
নিউজ ডেস্ক

গোয়াইনঘাট প্রতিনিধি:

পবিত্র ঈদুল আজহাকে ঘিরে সিলেটের সীমান্তবর্তী উপজেলা গোয়াইনঘাটের পর্যটনকেন্দ্রগুলোতে পর্যটক বরণে প্রস্তুত রয়েছে। গেল কয়েক সপ্তাহের পর্যটক খরা কাটিয়ে এবার ঈদের দীর্ঘ ছুটিতে পর্যটকদের ঢল নামবে বলে আশা করছেন স্থানীয় ব্যবসায়ী ও পর্যটনসংশ্লিষ্টরা। জাফলং, বিছনাকান্দি, রাতারগুল ও পান্তুমাইসহ বিভিন্ন পর্যটনকেন্দ্রে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। এমনটাই জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী।

পাহাড়, নদী, ঝরনা আর স্বচ্ছ জলের অপার সৌন্দর্যে ঘেরা সিলেটের গোয়াইনঘাট। প্রকৃতিপ্রেমী পর্যটকদের কাছে বরাবরই অন্যতম গোয়াইনঘাটের পর্যটনকেন্দ্রগুলো।গেল কয়েক সপ্তাহে পর্যটকের উপস্থিতি কম থাকায় লোকসানের মুখে পড়েন পর্যটননির্ভর ব্যবসায়ীরা। পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে এখন এসব পর্যটনকেন্দ্র পর্যটক বরণে প্রস্তুত রয়েছে। ঈদের টানা ছুটিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকদের ঢল নামবে বলে আশা করছেন পর্যটন ব্যবসায়ী ও সংশ্লিষ্টরা।

পর্যটকদের আকৃষ্ট করতে নতুন সাজে সজ্জিত করা হয়েছে দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান। কসমেটিকস, হস্তশিল্প ও বাহারি পণ্যের দোকানগুলোতেও বেড়েছে প্রস্তুতি। সাম্প্রতিক সময়ে বৃষ্টিতে পাহাড়ি ঝরনা ও নদীগুলোতে বেড়েছে পানির প্রবাহ। এতে প্রকৃতি ফিরে পেয়েছে নতুন রূপ। তবে টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢল নিয়ে কিছুটা শঙ্কাও রয়েছে। এদিকে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে উপজেলা ও থানা প্রশাসন, টুরিস্ট পুলিশের পাশাপাশি পর্যটন এলাকাগুলোতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে এবং রয়েছে রোভার স্কাউট টিম।

আইও/এমএম