হজের কোন প্যাকেজে কী সুবিধা, খরচ কত?
প্রকাশ: ২১ জুলাই, ২০২৬, ০৫:৪০ বিকাল
নিউজ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। এবার সরকারি ব্যবস্থাপনায় দুটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ হজ প্যাকেজ নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে প্রধানমন্ত্রীর উদ্যোগে হজ ফ্লাইটের বিমান ভাড়া গত বছরের তুলনায় ২৪ হাজার ৮৩০ টাকা কমিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) সচিবালয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ধর্ম বিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ ২০২৭ সালের হজ প্যাকেজ ও গাইডলাইন ঘোষণা করেন।

মন্ত্রী জানান, ২০২৬ সালের সফল হজ ব্যবস্থাপনার ধারাবাহিকতায় এবারও সহজ, সাশ্রয়ী ও সেবাকেন্দ্রিক হজ নিশ্চিত করতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। সৌদি আরবও ২০২৭ সালের হজে আবাসন, পরিবহন, ক্যাটারিং, তাবুসহ বিভিন্ন সেবাকে সমন্বিত করে নতুন সার্ভিস প্যাকেজ চালু করেছে।

সরকারি হজ প্যাকেজ-১: খরচ ৬ লাখ ১৫ হাজার ২৬৩ টাকা

সরকারি প্রথম প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ১৫ হাজার ২৬৩ টাকা। এই প্যাকেজে থাকছে—

মক্কায় হারাম শরিফ থেকে ১ থেকে দেড় কিলোমিটারের মধ্যে আবাসন।

মদিনায় মারকাজি এলাকায় থাকার ব্যবস্থা।

মিনায় জোন-২-এ তাবু।

সৌদি সরকারের সার্ভিস প্যাকেজ-৩ অনুযায়ী সেবা।

মোয়াল্লেমের মাধ্যমে খাবার সরবরাহ।

অতিরিক্ত অর্থ পরিশোধের মাধ্যমে রুম আপগ্রেড ও স্বল্পমেয়াদি প্যাকেজ নেওয়ার সুযোগ।

সরকারি হজ প্যাকেজ-২: খরচ ৫ লাখ ৫৬ হাজার ৬৪৮ টাকা

দ্বিতীয় সরকারি প্যাকেজের মূল্য ৫ লাখ ৫৬ হাজার ৬৪৮ টাকা। এ প্যাকেজে থাকছে—

মক্কায় হারাম শরিফ থেকে ২ থেকে ৩ কিলোমিটারের মধ্যে আবাসন।

মদিনায় মসজিদে নববী থেকে সর্বোচ্চ ৮০০ মিটার দূরে থাকার ব্যবস্থা।

মিনায় জোন-৫-এ তাবু।

সার্ভিস প্যাকেজ-৩ অনুযায়ী সব সেবা।

মোয়াল্লেমের মাধ্যমে খাবার সরবরাহ।

হোটেল দুই কিলোমিটারের বেশি দূরে হলে সৌদি সরকারের নিয়ম অনুযায়ী সালাওয়াত বাস সুবিধা।

বেসরকারি সাধারণ হজ প্যাকেজ: খরচ ৫ লাখ ১৩ হাজার ৬৪৮ টাকা

বেসরকারি হজ এজেন্সিগুলোর জন্য নির্ধারিত সাধারণ হজ প্যাকেজের মূল্য ৫ লাখ ১৩ হাজার ৬৪৮ টাকা। এই প্যাকেজে থাকছে—

মক্কায় হারাম শরিফ থেকে সর্বোচ্চ ৩ কিলোমিটারের মধ্যে আবাসন।

মদিনায় মসজিদে নববী থেকে ১ কিলোমিটারের মধ্যে থাকার ব্যবস্থা।

প্রতি কক্ষে সর্বোচ্চ ছয়জন থাকার সুযোগ।

মিনায় জোন-৫-এ তাবু।

সার্ভিস প্যাকেজ-৩ অনুযায়ী সেবা।

মোয়াল্লেমের মাধ্যমে খাবার সরবরাহ বাধ্যতামূলক।

ধর্মমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর উদ্যোগে ২০২৭ সালের হজ ফ্লাইটের বিমান ভাড়া কমিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। ২০২৫ সালে এই ভাড়া ছিল ১ লাখ ৬৭ হাজার ৮২০ টাকা। ফলে আগের তুলনায় ২৪ হাজার ৮৩০ টাকা কম ব্যয়ে হজে যেতে পারবেন বাংলাদেশি যাত্রীরা।

মন্ত্রী জানান, সরকার নির্ধারিত সেবার মানের নিচে কোনো বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করা যাবে না। প্রতিটি প্যাকেজ হজ পোর্টাল এবং সংশ্লিষ্ট এজেন্সির ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। দমে শুকর, দমে কিরান ও ক্যাটারিংয়ের ব্যয় অন্তর্ভুক্ত না করে কোনো প্যাকেজ ঘোষণা করা যাবে না।

এছাড়া বিদেশে অবস্থানরত বাংলাদেশিরা এবার যে দেশে অবস্থান করছেন, সেখান থেকেই স্বাস্থ্য পরীক্ষা, টিকা গ্রহণ ও হজ ভিসার আবেদন করতে পারবেন। ভবিষ্যতে তারা যেন অবস্থানরত দেশ থেকেই সরাসরি সৌদি আরবে যেতে পারেন, সে লক্ষ্যে সরকার কাজ করছে।

ধর্মমন্ত্রী জানান, ২৪ সেপ্টেম্বর ২০২৬ থেকে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু হবে। হজ পোর্টালে প্যাকেজ নির্বাচন করে আড়াই লাখ টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন করা যাবে। পরে নির্ধারিত সময়ে বাকি অর্থ পরিশোধ করে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে।

হজযাত্রীর পাসপোর্টের মেয়াদ ৩১ ডিসেম্বর ২০২৭ পর্যন্ত থাকতে হবে। সম্ভাব্য সূচি অনুযায়ী ৮ এপ্রিল ২০২৭ থেকে হজ ফ্লাইট শুরু হবে এবং ১৫ মে ২০২৭ পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

আইও/