শায়খ আহমাদুল্লাহর আমন্ত্রণে আস-সুন্নাহ পরিদর্শনে প্রতিমন্ত্রী নুর
প্রকাশ: ২১ জুলাই, ২০২৬, ০৮:৩০ রাত
নিউজ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

বিশিষ্ট ইসলামি স্কলার ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহর আমন্ত্রণে আস-সুন্নাহ ফাউন্ডেশনের প্রধান কার্যালয় পরিদর্শন করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর।

সোমবার (২০ জুলাই) অনুষ্ঠিত এ সৌজন্য সফরে প্রতিমন্ত্রীকে ফাউন্ডেশনের পক্ষ থেকে আন্তরিক অভ্যর্থনা জানানো হয়। এ সময় শায়খ আহমাদুল্লাহ দেশের বিভিন্ন অঞ্চলে পরিচালিত আস-সুন্নাহ ফাউন্ডেশনের জনকল্যাণমূলক, মানবিক ও সেবামূলক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।

আলোচনায় দুর্যোগ ব্যবস্থাপনা, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং অসহায় মানুষের কল্যাণে ফাউন্ডেশনের চলমান বিভিন্ন উদ্যোগের বিষয়ে প্রতিমন্ত্রীকে অবহিত করা হয়।

পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী নুরুল হক নুর আস-সুন্নাহ ফাউন্ডেশনের বহুমুখী মানবিক কার্যক্রমের প্রশংসা করে বলেন, দেশের আর্থসামাজিক উন্নয়ন এবং অসহায় মানুষের সেবায় সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানগুলোর এমন গঠনমূলক ভূমিকা অত্যন্ত ইতিবাচক ও প্রশংসনীয়।

বৈঠকে প্রবাসী কর্মী ও তাদের পরিবারের সার্বিক কল্যাণ, রেমিট্যান্স যোদ্ধাদের সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং এ খাতে সরকারি ও বেসরকারি পর্যায়ে সমন্বিত উদ্যোগ গ্রহণের বিভিন্ন দিক নিয়েও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় হয়।

উভয় পক্ষই মানবিক সেবা, জনকল্যাণ এবং প্রবাসীদের কল্যাণে ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতার সুযোগ আরও সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করেন।

আইও/