
|
মসজিদুল হারাম ও মসজিদে নববী ইনস্টিটিউটে ভর্তি কার্যক্রম শুরু
প্রকাশ:
২২ জুলাই, ২০২৬, ১১:২৪ দুপুর
নিউজ ডেস্ক |
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের পবিত্র দুই মসজিদ মসজিদুল হারাম ইনস্টিটিউট (মক্কা) এবং এর শাখা মসজিদে নববী ইনস্টিটিউট (মদিনা)-এ ১৪৪৮ হিজরি শিক্ষাবর্ষে ভর্তির আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগ্রহী শিক্ষার্থীরা আগামী ২০ সফর ১৪৪৮ হিজরি (৩ আগস্ট ২০২৬) পর্যন্ত শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, মধ্যম (ইন্টারমিডিয়েট), মাধ্যমিক (সেকেন্ডারি) এবং স্নাতক (ব্যাচেলর) পর্যায়ের বিভিন্ন বিভাগে শিক্ষার্থী ভর্তি করা হবে। ভর্তি প্রক্রিয়ার অংশ হিসেবে ১১ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি (সোমবার, ২৪ আগস্ট ২০২৬) লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর ১৩ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি (বুধবার, ২৬ আগস্ট ২০২৬) নির্বাচিত প্রার্থীদের মৌখিক সাক্ষাৎকার নেওয়া হবে। লিখিত পরীক্ষা ও সাক্ষাৎকার উভয়ই সরাসরি (ইন-পার্সন) অনুষ্ঠিত হবে। কর্তৃপক্ষ জানিয়েছে, এ ভর্তি কার্যক্রমে শুধু সৌদি নাগরিক এবং বৈধ ইকামাধারী ব্যক্তিরাই আবেদন করতে পারবেন। আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় সব কাগজপত্র একটি মাত্র পিডিএফ (PDF) ফাইলে, সর্বোচ্চ ২ মেগাবাইট আকারে জমা দিতে হবে। ভর্তি কর্তৃপক্ষ আরও জানিয়েছে, আবেদন জমা দিলেই ভর্তি নিশ্চিত হবে না। প্রার্থীদের নির্ধারিত সব শর্ত পূরণ করার পাশাপাশি লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এরপরই চূড়ান্তভাবে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা হবে। সৌদি আরবের পবিত্র দুই মসজিদভিত্তিক এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো কুরআন, হাদিস, শরিয়াহ ও ইসলামি বিভিন্ন বিষয়ে উচ্চমানের শিক্ষা প্রদানের জন্য মুসলিম বিশ্বে বিশেষভাবে পরিচিত। সূত্র: ইসলামিক ইনফরমেশন আওয়ার ইসলাম/জেডএম |