হাম ‍উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
প্রকাশ: ২২ জুলাই, ২০২৬, ০৩:২৪ দুপুর
নিউজ ডেস্ক

আওয়ার ইসলাম ডেস্ক

গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুনভাবে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ১৩৩ জনের শরীরে। আর হামের উপসর্গ পাওয়া গেছে ৯০৪ জনের শরীরে। হাম ও হামের উপসর্গের গত ২৪ ঘণ্টার নতুন রোগী ১ হাজার ৩৭ জন। এ নিয়ে মোট হাম আক্রান্ত ১৪ হাজার ৮৪১।  ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দেওয়া রোগীর সংখ্যা ১ লাখ ২০ হাজার ৩৫২ জন।
 
বুধবার (২২ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো হাম বিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৩ হাজার ৭৮ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৯৯ হাজারের বেশি।

বিশ্বজুড়ে হাম ও রুবেলা সংক্রমণ পরিস্থিতি নিয়ে ডব্লিউএইচওর সদর দফতর জেনেভায় নিয়মিত যে প্রাথমিক উপাত্ত জমা হয়, সংস্থাটির জনসংযোগ বিভাগ থেকে সেই তথ্য সংগ্রহ করে এই চিত্র দেখা গেছে। ডব্লিউএইচও এই ছয় মাসে বিশ্বের ১৬৫ দেশে ১ লাখ ৮৬ হাজার হাম কিংবা এর উপসর্গের রোগী পাওয়ার তথ্য জানিয়েছে। পরিসংখ্যান দেখাচ্ছে, সবচেয়ে বড় হাম সংকট এখন দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য ও আফ্রিকার কয়েকটি দেশে।

প্রতিবেদনে দেখা যায়, ছয় মাসে হাম সংক্রমণের দিক থেকে বাংলাদেশের নাম শীর্ষে। দ্বিতীয় স্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। এ সময়ে দেশটিতে হামের উপসর্গের রোগী পাওয়া গেছে ২৬ হাজার ৬০৭ জন। যুদ্ধপীড়িত ইয়েমেন ১৪ হাজার ৫২১ রোগী নিয়ে রয়েছে তৃতীয় স্থানে। শীর্ষ ১০টি দেশের মধ্যে এরপর রয়েছে মেক্সিকো (১২,৪৯৫), পাকিস্তান (১১,০৩৭), ক্যামেরুন (৯,৬৫৩), কাজাখস্তান (৭,৭৩০), গুয়েতেমালা (৬,৮৩২), অ্যাঙ্গোলা (৬,৮১৫) ও সুদান (৫,৭৬৬)।

দেশে চলতি বছরের শুরুতে হঠাৎ শিশুদের মধ্যে হামের প্রাদুর্ভাব দেখা যায়। কিছুদিনের মধ্যে রোগীর দ্রুত বাড়তে শুরু করে। তবে স্বাস্থ্য অধিদফতর গত ১৫ মার্চ থেকে হাম সংক্রমণের তথ্য দিচ্ছে। দেশে হামের এই প্রাদুর্ভাবের জন্য টিকা নিয়ে অন্তর্বর্তী সরকারের অবহেলাকে দায়ী করছে বর্তমান সরকার।

আইও/