চব্বিশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে ছাড় দেওয়া হবে না: আমিরে মজলিস
প্রকাশ: ২৪ জুলাই, ২০২৬, ০৯:০০ সকাল
নিউজ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, বর্তমানে বাংলাদেশ দুটি রাজনৈতিক ধারায় বিভক্ত—একটি ৭২ এবং অন্যটি ২৪। ৭২ বাংলাদেশের পরাজিত ও বিতাড়িত রাজনৈতিক শক্তির প্রতীক, আর ২৪ জনগণের গণ-অভ্যুত্থানের চেতনার প্রতিনিধিত্ব করে। বিএনপির উদ্দেশে তিনি বলেন, আপনারা যদি চব্বিশের গলায় ছুরি চালিয়ে বাহাত্তরের পক্ষে দাঁড়াতে চান, তাহলে আপনাদের সঙ্গেও আমাদের আচরণ ভিন্ন কিছু হবে না।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে নোয়াখালী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বাংলাদেশ খেলাফত মজলিস নোয়াখালী জেলা শাখা আয়োজিত নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গণভোটের রায় বাস্তবায়ন, তেল-বিদ্যুতের মূল্যবৃদ্ধি রোধ এবং দেশের অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়।

আল্লামা মামুনুল হক বলেন, ২০১৪ সালের একতরফা নির্বাচন, ২০১৮ সালের রাতের ভোট এবং ২০২৪ সালের ‘আমি আর ডামি’ নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছিল। শেখ হাসিনা উন্নয়নকে গণতন্ত্রের বিকল্প হিসেবে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। জনগণকে বোঝানো হয়েছিল—ভোটের প্রয়োজন নেই, উন্নয়নই গণতন্ত্র।

তিনি আরও বলেন, দক্ষিণবঙ্গের মানুষকে পদ্মা সেতু আর ঢাকার মানুষকে মেট্রোরেল দেখিয়ে বলা হয়েছিল—আমি যা চুরি করেছি করেছি, উন্নয়ন তো করেছি, এটাই তোদের গণতন্ত্র। উন্নয়নের নামে জনগণের চোখে ধুলো দেওয়া হয়েছিল।

বর্তমান সরকারের সমালোচনা করে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির বলেন, আমি জানি না, বর্তমান সরকারের কাঁধে শেখ হাসিনার সেই ভূত নতুন করে সওয়ার হয়েছে কি না। তবে মনে হচ্ছে, ঘরে ঘরে ‘ফ্যামিলি কার্ড’ আর ক্ষেতে-খামারে ‘কৃষক কার্ড’ দিয়ে কিছুদিন পর বলা হবে—এটাই গণতন্ত্র। কিন্তু উন্নয়নের মোড়কে গণতন্ত্রের সংজ্ঞা পাল্টানোর চেষ্টা করলে বাংলাদেশের মানুষ আবারও জুলাই বিপ্লবের শিক্ষা স্মরণ করিয়ে দেবে।

সমাবেশে সভাপতিত্ব করেন খেলাফত যুব মজলিস নোয়াখালী দক্ষিণ জেলার সভাপতি মাওলানা আব্দুল কাইয়ুম মামুন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি মাওলানা জাহিদুজ্জামান। এছাড়া ১১ দলীয় ঐক্যের জেলা পর্যায়ের নেতৃবৃন্দ এবং খেলাফত মজলিসের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা বক্তব্য দেন।

নাগরিক সমাবেশ শেষে রাত সাড়ে ৮টায় মাওলানা মামুনুল হক নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার জামিয়া ইয়াকুবিয়া মাদরাসা মিলনায়তনে আয়োজিত ইছলাহী মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।

মাহফিলে সভাপতিত্ব করেন মাদরাসার মুহতামিম মুফতি মোহাম্মদ ইদ্রিস। দুর্যোগপূর্ণ আবহাওয়া ও রাতের সময় হওয়া সত্ত্বেও বিপুলসংখ্যক আলেম-উলামা, শিক্ষার্থী ও ধর্মপ্রাণ মুসল্লির উপস্থিতিতে মাহফিল অনুষ্ঠিত হয়।

পরে মাওলানা মামুনুল হক ফেনী জেলার সোনাগাজী উপজেলার ঐতিহ্যবাহী ওলামাবাজার আল-হোসাইনিয়া মাদরাসা পরিদর্শন করেন। সেখানে তিনি ৩০ জন শিক্ষার্থীকে সহিহ বুখারি শরিফের সবক প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন জামিয়া ইয়াকুবিয়া মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি সাবেক কাউন্সিলর আবদুল গাফফার নিপু, সহ-সভাপতি মো. শরীফ মেম্বার, যুগ্ম সম্পাদক সালাউদ্দিন, মাদরাসার শিক্ষকবৃন্দ এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা।

আওয়ার ইসলাম/জেডএম