সাংগঠনিক কার্যক্রম বেগবান করার আহ্বান মুফতি মুহাম্মাদুল্লাহ এমপির
প্রকাশ: ২৪ জুলাই, ২০২৬, ১১:২৩ দুপুর
নিউজ ডেস্ক

ময়মনসিংহ প্রতিনিধি: 

বাংলাদেশ খেলাফত মজলিস (বিকেএম) ময়মনসিংহ জেলা শাখার মজলিসে শূরার অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) বাদ আসর নগরীর গ্রীণ টাওয়ারে অবস্থিত সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ অধিবেশন অনুষ্ঠিত হয়।

জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা রেজাউল করীমের পরিচালনায় অনুষ্ঠিত অধিবেশনে সভাপতিত্ব করেন জেলা সভাপতি মুফতি মুহাম্মাদুল্লাহ এমপি।

অধিবেশনে উপস্থিত ছিলেন জেলা শাখার সহ-সভাপতি মুফতি সারোয়ার হোসাইন, মুফতি আজিমুদ্দিন শাহ জামালী, মুফতি আব্দুল কাদির, মাওলানা আবুল হোসেন, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা আবু তাহের, সহ-সাধারণ সম্পাদক মাওলানা আজহারুল ইসলাম, মাওলানা মোফাজ্জল হোসাইন খান, মুফতি নাসিরউদ্দিন, হাফেজ রুহুল আমীন বাদশা, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব ফজলুর রহমান, বাইতুলমাল সম্পাদক মাওলানা শরিফুল ইসলামসহ জেলা মজলিসে শূরার সদস্যবৃন্দ।

সভায় জেলার বিভিন্ন উপজেলা শাখার জানুয়ারি থেকে জুন ২০২৬ সময়কালের সাংগঠনিক রিপোর্ট উপস্থাপন ও পর্যালোচনা করা হয়। একই সঙ্গে জুলাই থেকে ডিসেম্বর ২০২৬ সময়কালের কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল, সুসংগঠিত ও কার্যকর করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

সভাপতির বক্তব্যে মুফতি মুহাম্মাদুল্লাহ এমপি বলেন, সংগঠনকে তৃণমূল পর্যায় থেকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে নিয়মিত সাংগঠনিক কর্মসূচি বাস্তবায়নের কোনো বিকল্প নেই। তিনি আদর্শবান, দায়িত্বশীল ও দক্ষ সংগঠক তৈরির ওপর বিশেষ গুরুত্বারোপ করে প্রত্যেক দায়িত্বশীলকে আন্তরিকতা, জবাবদিহিতা ও সাংগঠনিক শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান জানান।

তিনি আরও বলেন, জেলার প্রতিটি উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে দাওয়াতি ও সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট সকল দায়িত্বশীলের প্রতি প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন তিনি।

আওয়ার ইসলাম/জেডএম