
|
দুধ দিয়ে গোসল করে জামায়াত ছেড়ে বললেন- ‘লোকজন ছি ছি করছে’
প্রকাশ:
২৪ জুলাই, ২০২৬, ১১:৪২ দুপুর
নিউজ ডেস্ক |
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর বহিষ্কৃত নেতা গাজী নজরুল ইসলামের একের পর এক নারীঘটিত ভিডিও ভাইরালের প্রতিবাদে দুধ দিয়ে গোসল করে দল ছাড়ার ঘোষণা দিয়েছেন জামায়াতের এক কর্মী। শুধু দল ত্যাগই নয়, ভবিষ্যতে আর কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হবেন না বলেও শপথ নিয়েছেন তিনি। বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে শ্যামনগর উপজেলার নূরনগর ইউনিয়নের হরিণাগাড়ি গ্রামের দেবাশীর মোড়ে এ ঘটনা ঘটে। দলত্যাগী ওই কর্মীর নাম দেলোয়ার হোসেন (৩৭)। তিনি স্থানীয় ৮ নম্বর ওয়ার্ড জামায়াতের বায়তুল মাল সম্পাদক ও যুব বিভাগের সেক্রেটারির দায়িত্বে ছিলেন বলে দাবি করেছেন। এলাকায় তিনি জামায়াতের একজন সক্রিয় কর্মী হিসেবে পরিচিত ছিলেন। স্থানীয় সূত্র জানায়, দেলোয়ার হোসেন দীর্ঘদিন ধরে জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে গাজী নজরুল ইসলামের পক্ষে সক্রিয়ভাবে প্রচার-প্রচারণা চালিয়েছিলেন। তবে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গাজী নজরুল ইসলামের ব্যক্তিগত ভিডিও এবং পরে দলীয় তদন্তে তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। এরই প্রতিবাদে বৃহস্পতিবার প্রকাশ্যে আনুমানিক এক মণ দুধ ঢেলে গোসল করেন দেলোয়ার হোসেন। পরে তিনি জামায়াতের সব সাংগঠনিক পদ থেকে পদত্যাগ এবং ভবিষ্যতে আর কোনো ধরনের রাজনীতি না করার ঘোষণা দেন। দেলোয়ার হোসেন বলেন, ‘আমি জামায়াতের কর্মী ছিলাম। দলকে মনেপ্রাণে ভালোবাসতাম এবং নিষ্ঠার সঙ্গে কাজ করেছি। কিন্তু দলের একজন শীর্ষ নেতার এমন কর্মকাণ্ডে লোকজন আজ ছি ছি করছে। দলীয় তদন্তেও তার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এরপর আমি সিদ্ধান্ত নিয়েছি, আর জামায়াত করব না। শুধু তাই নয়, ভবিষ্যতে অন্য কোনো রাজনৈতিক দলেও যোগ দেব না। এ সিদ্ধান্তের প্রতীক হিসেবেই দুধ দিয়ে গোসল করেছি।’ নূরনগর ৮ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি আবদুর রাজ্জাক বলেন, ‘দেলোয়ার জামায়াতের একজন কর্মী। তবে বর্তমানে তিনি কোন সাংগঠনিক পদে ছিলেন, তা এই মুহূর্তে নিশ্চিত করে বলতে পারছি না। শুনেছি, তিনি দুধ দিয়ে গোসল করে দল ছাড়ার ঘোষণা দিয়েছেন।’ |