
|
১৯ বছর আগের মামলায় আদালতে আত্মসমর্পণ দিল্লি জামে মসজিদের ইমামের
প্রকাশ:
২৫ জুলাই, ২০২৬, ১১:১৯ দুপুর
নিউজ ডেস্ক |
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের রাজধানী দিল্লির ঐতিহাসিক জামে মসজিদের শাহি ইমাম মাওলানা আহমদ বুখারি ১৯ বছর আগের একটি নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের মামলায় শুক্রবার (২৪ জুলাই) আদালতে আত্মসমর্পণ করেছেন। আদালতে আত্মসমর্পণের পর প্রধান বিচারিক ম্যাজিস্ট্রেট কবিতা আগারওয়াল তার জামিন মঞ্জুর করেন। দুইজন জামিনদারের মাধ্যমে ২০ হাজার রুপি করে বন্ড জমা দেওয়ার পর তিনি জামিন পান। ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, দীর্ঘদিন ধরে আদালতে হাজির না হওয়ায় আহমদ বুখারির বিরুদ্ধে জামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। প্রসিকিউশন কর্মকর্তা কে সি মৌর্য জানান, ২০০৭ সালের ১০ এপ্রিল উত্তর প্রদেশের খাতাউলি থানায় আহমদ বুখারি ও আরও কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। তৎকালীন ভারতীয় দণ্ডবিধির ১৭১ ও ১৮৮ ধারায় মামলাটি করা হয়, যা নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট। অভিযোগে বলা হয়, নির্বাচনি প্রচারণার সময় প্রয়োজনীয় প্রশাসনিক অনুমতি ছাড়াই হেলিকপ্টারে খাতাউলিতে এসে একটি জনসভায় বক্তব্য দেন আহমদ বুখারি। এর মাধ্যমে তিনি নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করেন বলে অভিযোগ আনা হয়। প্রসিকিউশনের দাবি, ঘটনার পর পুলিশ মামলা দায়ের করলেও বারবার সমন ও জামিনযোগ্য পরোয়ানা জারি হওয়ার পরও তিনি আদালতে হাজির হননি। অবশেষে শুক্রবার তিনি আদালতে আত্মসমর্পণ করলে আদালত তার জামিন মঞ্জুর করেন। সূত্র: মুসলিম মিরর আওয়ার ইসলাম/জেডএম |