
|
সমুদ্রে সৃষ্টি হচ্ছে লঘুচাপ, বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস
প্রকাশ:
২৫ জুলাই, ২০২৬, ১২:৫৭ দুপুর
নিউজ ডেস্ক |
নিজস্ব প্রতিবেদক: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির আশঙ্কার মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলের আবহাওয়ায় বিরূপ পরিস্থিতির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দুপুরের মধ্যে ৭ অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিরও আশঙ্কা রয়েছে। এ কারণে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। শনিবার (২৫ জুলাই) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া আবহাওয়া সতর্কবার্তায় তথ্যটি জানানো হয়। এতে বলা হয়েছে- খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিরও শঙ্কা রয়েছে। এদিকে আবহাওয়ার নিয়মিত বার্তায় বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। আবহাওয়া বার্তায় বলা হয়, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের দক্ষিণাঞ্চলে সক্রিয়, অন্যত্র মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি অবস্থায় রয়েছে। এ অবস্থায় উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে শনিবার খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সময়ে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারি বর্ষণও হতে পারে। আওয়ার ইসলাম/জেডএম |