
|
দুর্নীতিমুক্ত সমাজ গঠনে আল্লাহভীরু নেতৃত্বের বিকল্প নেই: অলি উল্লাহ এমপি
প্রকাশ:
২৬ জুলাই, ২০২৬, ০৮:৩০ সকাল
নিউজ ডেস্ক |
বরগুনা প্রতিনিধি: দেশে শান্তি প্রতিষ্ঠা ও দুর্নীতিমুক্ত সমাজ গড়ে তুলতে নীতি-আদর্শসম্পন্ন এবং আল্লাহভীরু নেতৃত্বের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বরগুনা-১ আসনের সংসদ সদস্য ও ইসলামী আন্দোলন বাংলাদেশের কার্যনির্বাহী সদস্য মাওলানা মাহমুদুল হোসাইন অলি উল্লাহ এমপি। শনিবার (২৫ জুলাই) বিকেলে বরগুনা জেলা শিল্পকলা একাডেমিতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, বরগুনা জেলা শাখার উদ্যোগে আয়োজিত ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা সভাপতি মাওলানা রেজাউল করীম আকনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা গাজী আল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে অলি উল্লাহ এমপি বলেন, সমাজের প্রতিটি স্তরে দক্ষ, সৎ ও দুর্নীতিমুক্ত নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে। মানুষের দ্বারে দ্বারে গিয়ে জনসেবামূলক কর্মকাণ্ড পরিচালনায় যুবসমাজ ও আলেমদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মো. আল আমিন। তিনি বলেন, আদর্শবান যুবকদের জাগ্রত হতে হবে এবং ইসলামী আদর্শের আলোকে নতুন প্রজন্মকে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করতে হবে। একই সঙ্গে বরগুনাকে একটি আদর্শ ও মডেল জেলা হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তিনি। যুব আন্দোলনের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, নেতৃত্বের মূল বৈশিষ্ট্য হবে ত্যাগ। ভোগী নয়, ত্যাগী নেতৃত্বই সমাজ পরিবর্তনের চালিকাশক্তি। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার সহ-সভাপতি মাওলানা জালাল উদ্দীন কারিমী, হাবিবুর রহমান জিহাদী, জেলা সেক্রেটারি মাওলানা আব্দুস শাকুর, যুগ্ম সেক্রেটারি মাওলানা নুরুল আলম এবং ছাত্র ও যুববিষয়ক সম্পাদক মুফতি আবু সালেহ জিহাদী। এছাড়া উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার উপদেষ্টা মাওলানা আবু সালেহ, অধ্যক্ষ মাওলানা অলিউল্লাহ, আলহাজ দেলোয়ার হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ সদর উপজেলা সভাপতি মাওলানা ইদ্রিসুর রহমান, পাথরঘাটা উপজেলা সহ-সভাপতি মাওলানা মনিরুল ইসলাম, তালতলী উপজেলা সহ-সভাপতি চেয়ারম্যান ফারুক খান, জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদ বরগুনা জেলা সভাপতি মুফতি গোলাম মাওলা জাহিদ, ইসলামী শ্রমিক আন্দোলন বরগুনা জেলা সভাপতি কামিনুল ইসলাম এবং ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা আহ্বায়ক এইচ এম আব্দুর রহমান। সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সাবেক জেলা সহ-সভাপতি মাওলানা জাকির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক গোলাম মাওলা, এইচ এম আহমাদুল্লাহসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী। |