তৃতীয় দফায় ১০ হাজার টাকা করে নগদ সহায়তা দিলো আল-মুঈন
প্রকাশ: ২৮ জুলাই, ২০২৬, ০৯:২০ সকাল
নিউজ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রামের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে তৃতীয় দফায় নগদ আর্থিক সহায়তা বিতরণ করেছে দারুল উলূম হাটহাজারী মাদরাসার তত্ত্বাবধানে পরিচালিত ‘আল-মুঈন ত্রাণ তহবিল’।

সোমবার (২৭ জুলাই) চট্টগ্রামের দক্ষিণাঞ্চলের চকরিয়া, বাঁশখালী ও সাতকানিয়া উপজেলার নির্বাচিত ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে এ সহায়তা বিতরণ করা হয়। এ পর্যায়ে প্রতিটি পরিবারের হাতে ১০ হাজার টাকা করে নগদ আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।

ত্রাণ তহবিলের পক্ষ থেকে জানানো হয়, সহায়তা কার্যক্রম সুষ্ঠু, স্বচ্ছ এবং প্রকৃত ক্ষতিগ্রস্তদের কাছে পৌঁছে দিতে স্থানীয় আলেম-উলামা, মসজিদের ইমাম-খতিব ও বিভিন্ন মাদরাসার দায়িত্বশীলদের সহযোগিতায় আগে থেকেই ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা প্রস্তুত করা হয়। সেই তালিকার ভিত্তিতেই পর্যায়ক্রমে সহায়তা বিতরণ করা হয়েছে।

আর্থিক সহায়তা পেয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দারুল উলূম হাটহাজারী মাদরাসা ও সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের মুখে সামান্য স্বস্তি ফিরিয়ে আনাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ত্রাণ কার্যক্রম শেষে প্রতিনিধি দল বিকেলে দারুল উলূম হাটহাজারী মাদরাসায় ফিরে জামিয়ার মুহতামিম আল্লামা মুফতী খলীল আহমদ কাসেমী এবং শায়খুল হাদীস আল্লামা শাইখ আহমদের কাছে সার্বিক কার্যক্রমের প্রতিবেদন পেশ করেন।

এদিনের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মুফতী জসীমুদ্দীন। প্রতিনিধি দলে আরও ছিলেন সিনিয়র উস্তাদ মাওলানা মুহাম্মদ, মাওলানা রাশেদুল ইসলাম, মাওলানা মুনির আহমদ, মাওলানা নিজাম সাইয়্যিদ, মাওলানা শফিউল আলম এবং ‘আল-মুঈন ত্রাণ তহবিল’-এর অন্যান্য প্রতিনিধিরা।

উল্লেখ্য, দারুল উলূম হাটহাজারী মাদরাসার তত্ত্বাবধানে পরিচালিত ‘আল-মুঈন ত্রাণ তহবিল’ দেশ-বিদেশের দানশীল ব্যক্তিদের সহযোগিতায় বন্যাদুর্গত মানুষের জন্য ধারাবাহিকভাবে ত্রাণ ও আর্থিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছে। কর্তৃপক্ষ ভবিষ্যতেও এ মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে।

আওয়ার ইসলাম/জেডএম