হজ মেলা শুরু, বিমান ভাড়া আরও কমানোর ঘোষণা প্রতিমন্ত্রীর
প্রকাশ: ৩০ জুলাই, ২০২৬, ০২:৩৮ দুপুর
নিউজ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে শুরু হয়েছে তিন দিনব্যাপী জাতীয় হজ ও ওমরাহ মেলা-২০২৬। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশি হজযাত্রীদের ব্যয় কমাতে হজের বিমান টিকিটের মূল্য আরও ২৫ হাজার টাকা কমিয়ে ১ লাখ ৩০ হাজার টাকায় নির্ধারণের ঘোষণা দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

বৃহস্পতিবার (৩০ জুলাই) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) আয়োজিত তিন দিনব্যাপী জাতীয় হজ ও ওমরাহ মেলা-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

প্রতিমন্ত্রী বলেন, সরকার বাংলাদেশি হজযাত্রীদের জন্য যৌক্তিক ব্যয়ে এবং হয়রানিমুক্ত পরিবেশে হজ পালন নিশ্চিত করতে কাজ করছে। তিনি জানান, গত বছর হজের টিকিটের মূল্য ১২ হাজার টাকা কমানো হয়েছিল। এবার আরও ২৫ হাজার টাকা কমিয়ে টিকিটের মূল্য ১ লাখ ৩০ হাজার টাকায় নামিয়ে আনা হয়েছে।

হজের সার্বিক ব্যয় আরও কমানোর উদ্যোগের কথা তুলে ধরে এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, সৌদি আরবের বিমানবন্দরে আরোপিত নির্মাণ কর কমানোর জন্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সৌদি সরকারের কাছে অনুরোধ জানিয়েছে। পাশাপাশি বাংলাদেশি হাজিদের আবাসন ব্যয় কমাতে বিশেষ সুবিধা দেওয়ার বিষয়েও সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা হয়েছে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার হজ ব্যবস্থাপনাকে আরও সাশ্রয়ী, স্বচ্ছ ও জনবান্ধব করতে কাজ করছে। হজযাত্রীদের সঙ্গে কোনো ধরনের প্রতারণা বা কারসাজি করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি সতর্ক করেন।

 

অনুষ্ঠানে ধর্মসচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ বলেন, বাংলাদেশের প্রায় ৯৫ শতাংশ হজযাত্রী বেসরকারি হজ এজেন্সির মাধ্যমে হজ পালন করেন। তাই সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়—এমন কোনো কর্মকাণ্ড থেকে বিরত থাকতে তিনি হজ এজেন্সিগুলোর প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত সৌদি দূতাবাসের উপ-প্রধান খালিদ সাঈদ আল হাদাল, হাবের সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার, মহাসচিব ফরিদ আহমেদ মজুমদারসহ সরকারি কর্মকর্তা, হজ এজেন্সির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, ৩০ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত চলা এ মেলায় দেশের শীর্ষ হজ এজেন্সিগুলো তাদের বিভিন্ন হজ ও ওমরাহ প্যাকেজ, প্রয়োজনীয় তথ্য, বিশেষজ্ঞদের পরামর্শ এবং নির্বাচিত প্যাকেজে বিশেষ ছাড়ের সুযোগ দিচ্ছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে এবং দর্শনার্থীরা বিনামূল্যে প্রবেশ করতে পারবেন।

আইও/