আর্থিক খাতে রাজনীতি নয়, সুশাসন নিশ্চিত করতে হবে: গাজী আতাউর রহমান
প্রকাশ: ১০ জুন, ২০২৬, ০৫:১৬ বিকাল
নিউজ ডেস্ক

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, দেশের অর্থনীতিকে শক্তিশালী ও টেকসই করতে হলে কেন্দ্রীয় ব্যাংকসহ আর্থিক নিয়ন্ত্রক সংস্থাগুলোকে রাজনৈতিক ও বাণিজ্যিক প্রভাবমুক্ত থেকে স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে হবে। জনগণের আস্থা ও বিশ্বাস অর্জনের মাধ্যমেই এসব প্রতিষ্ঠানের গ্রহণযোগ্যতা নিশ্চিত করা সম্ভব।

বুধবার (১০ জুন) এক বিবৃতিতে তিনি বলেন, অতীতে কেন্দ্রীয় ব্যাংক রাজনৈতিক প্রভাবের কারণে প্রশ্নবিদ্ধ হয়েছিল। জুলাই গণঅভ্যুত্থানের পর জনগণের প্রত্যাশা ছিল, বাংলাদেশ ব্যাংক অর্থনৈতিক স্বার্থকে প্রাধান্য দিয়ে নিরপেক্ষভাবে পরিচালিত হবে। কিন্তু বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগসহ বিভিন্ন বিষয় নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হওয়ায় প্রতিষ্ঠানটির নিরপেক্ষতা ও জনআস্থা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

সাম্প্রতিক ইসলামী ব্যাংককে ঘিরে চলমান বিতর্কের প্রসঙ্গ তুলে তিনি বলেন, কোনো ব্যাংকে আর্থিক অনিয়ম বা সুশাসনের ঘাটতি থাকলে তা খতিয়ে দেখা এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা নিয়ন্ত্রক সংস্থা হিসেবে বাংলাদেশ ব্যাংকের দায়িত্ব। তবে এ বিষয়কে রাজনৈতিক বিতর্কে রূপ দেওয়া দেশের আর্থিক খাতের জন্য ইতিবাচক নয়।

মাওলানা গাজী আতাউর রহমান বলেন, জাতীয় সংসদের মতো গুরুত্বপূর্ণ স্থানে দীর্ঘ সময় ধরে একটি ব্যাংককে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্কের পরিবর্তে দেশের বৃহত্তর অর্থনৈতিক সংকট, বিনিয়োগ, কর্মসংস্থান ও জনজীবনের সমস্যা নিয়ে বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন।

তিনি আরও বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনে করে, আর্থিক প্রতিষ্ঠান ও পুরো আর্থিক খাতের ব্যবস্থাপনায় রাজনৈতিক প্রভাব নয়, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা করতে হবে। ইসলামী ব্যাংককে একটি পেশাদার আর্থিক প্রতিষ্ঠান হিসেবেই পরিচালিত হতে দিতে হবে; কোনো রাজনৈতিক দলের স্বার্থ, কর্মী তোষণ বা নির্বাচনী অর্থায়নের মাধ্যম হিসেবে ব্যবহার করা উচিত নয়। একইভাবে বাংলাদেশ ব্যাংককেও বিষয়টির সমাধান আর্থিক ও প্রাতিষ্ঠানিক দৃষ্টিকোণ থেকে করতে হবে, রাজনৈতিক বিবেচনায় নয়।

বিবৃতিতে তিনি দেশের বর্তমান অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, দেশের আর্থিক খাত এখনো দুর্বল অবস্থায় রয়েছে। বৈশ্বিক সংকটের প্রভাবে জ্বালানি খাত চাপে রয়েছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সাধারণ মানুষকে কষ্ট দিচ্ছে, বিনিয়োগ ও কর্মসংস্থানে কাঙ্ক্ষিত অগ্রগতি নেই, আইন-শৃঙ্খলা পরিস্থিতি উদ্বেগজনক এবং সীমান্তে পুশইনের মতো বহুমাত্রিক সমস্যাও বিদ্যমান।

এমন বাস্তবতায় একটি ব্যাংকের নিয়ন্ত্রণ বা রাজনৈতিক সম্পৃক্ততা নিয়ে দীর্ঘ বিতর্কে সময় ব্যয় না করে জনগণের মৌলিক অর্থনৈতিক সমস্যা সমাধানে সরকার ও রাজনৈতিক দলগুলোর মনোযোগ দেওয়া প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।

প্রতিনিধি/আইও