
|
'বন্দে মাতরম' বিলের ওপর আসাদুদ্দিন ওয়াইসির তীব্র আপত্তি
প্রকাশ:
৩১ জুলাই, ২০২৬, ০৮:২৩ সকাল
নিউজ ডেস্ক |
আন্তর্জাতিক ডেস্ক ভারতের লোকসভায় পাস হওয়া 'জাতীয় সম্মানের অবমাননা প্রতিরোধ (সংশোধনী) বিল, ২০২৬'-এ 'বন্দে মাতরম' সম্পর্কিত বিধানের তীব্র বিরোধিতা করেছেন অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমীন (AIMIM)-এর সংসদ সদস্য আসাদউদ্দিন ওয়াইসি। বৃহস্পতিবার (৩০ জুলাই) লোকসভায় দেওয়া বক্তব্যে ওয়াইসি বলেন, 'জন গণ মন' গাইলে সেখানে দেশ ও দেশের জনগণকে দেখা যায়। কিন্তু 'বন্দে মাতরম'-এ ভগবান ও দেবীর উপাসনার কথা রয়েছে। তিনি আরও বলেন, স্বাধীনতার জন্য আত্মত্যাগকারী সংগ্রামীদের প্রতি সম্মান রেখেই বিষয়টি বিবেচনা করা উচিত। তাঁর ভাষায়, 'জন গণ মন' জনগণের উদ্দেশে রচিত, কিন্তু 'বন্দে মাতরম'-এর প্রকৃতি ভিন্ন। ওয়াইসি অভিযোগ করেন, ১৯৫০ সালে তৎকালীন রাষ্ট্রপতি ড. রাজেন্দ্র প্রসাদ 'বন্দে মাতরম'-কে জাতীয় গান হিসেবে স্বীকৃতি দিয়ে বড় ধরনের ভুল করেছিলেন, কারণ এ বিষয়ে সংসদে কোনো আনুষ্ঠানিক প্রস্তাব গৃহীত হয়নি। তাঁর দাবি, ভারতের সংবিধান বা প্রচলিত আইনে 'জাতীয় গান' (National Song)-এর কোনো সুস্পষ্ট আইনি সংজ্ঞা নেই। এছাড়া তিনি অভিযোগ করেন, 'বন্দে মাতরম' সম্পর্কিত আইন প্রণয়নের মাধ্যমে কেন্দ্রীয় সরকার সংবিধানের ২৫, ২৬ ও ২৯ অনুচ্ছেদে নিশ্চিত ধর্মীয় স্বাধীনতা ও সাংস্কৃতিক অধিকারের পরিপন্থী পদক্ষেপ নিচ্ছে। সূত্র: ইউএনএ নিউজ আইও/ |