
|
আমাদের দলের ভিত্তি কুরআন ও সুন্নাহর আদর্শের ওপর: মাওলানা ফজলুর রহমান
প্রকাশ:
৩১ জুলাই, ২০২৬, ০৩:১৯ দুপুর
নিউজ ডেস্ক |
আন্তর্জাতিক ডেস্ক জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের (জেইউআই) প্রধান মাওলানা ফজলুর রহমান বলেছেন, জমিয়তে উলামায়ে ইসলামের আদর্শিক ও বুদ্ধিবৃত্তিক ভিত্তি পবিত্র কুরআন, সুন্নাহ এবং মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শিক্ষা ও জীবনাদর্শের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এ দলের জন্য কাজ করা কেবল রাজনৈতিক কর্মকাণ্ড নয়; বরং আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে একটি দ্বীনি ও মিল্লি দায়িত্ব। সম্প্রতি জমিয়তে উলামায়ে ইসলামের ঐতিহাসিক কেন্দ্র জামিয়া উসমানিয়া মারিয়ালি সফরকালে তিনি এসব কথা বলেন। এ সময় প্রতিষ্ঠানের মজলিসে শূরা, শিক্ষক ও শিক্ষার্থীরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। সংক্ষিপ্ত বক্তব্যে মাওলানা ফজলুর রহমান বলেন, জমিয়তে উলামায়ে ইসলাম একটি মহান আদর্শের ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়েছে। এর মূল লক্ষ্য হলো কুরআন-সুন্নাহ অনুযায়ী আল্লাহর জমিনে আল্লাহ ও তাঁর রাসুল (সা.)-এর বিধান প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করা। তিনি বলেন, যে সংগঠনের ভিত্তি কুরআন-সুন্নাহ ও রাসুল (সা.)-এর শিক্ষার ওপর প্রতিষ্ঠিত, সেই সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে কাজ করা নিছক রাজনীতি নয়, বরং একটি ইবাদতস্বরূপ দায়িত্ব।
তিনি আরও বলেন, জমিয়তে উলামায়ে ইসলামের প্রতিষ্ঠাতা আকাবির আলেমরা আল্লাহ ও তাঁর রাসুল (সা.)-এর নির্দেশনার আলোকে এ সংগঠন প্রতিষ্ঠা করেছেন। এ কারণেই দলটি অন্যান্য রাজনৈতিক সংগঠন থেকে স্বতন্ত্র বৈশিষ্ট্যের অধিকারী এবং এর আদর্শিক ও কর্মগত ধারাবাহিকতা মহানবী (সা.)-এর শিক্ষার সঙ্গে সম্পৃক্ত। সফরকালে মাওলানা ফজলুর রহমান জামিয়া উসমানিয়া মারিয়ালির দ্বীনি, শিক্ষাগত ও প্রশাসনিক অগ্রগতির প্রশংসা করেন এবং প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে সন্তোষ প্রকাশ করেন।
জামিয়ার মুহতামিম ও জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব মাওলানা কারি মুহাম্মদ উমায়ের ফারুকি সফরের জন্য মাওলানা ফজলুর রহমানের প্রতি কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি জামিয়ায় নির্মাণাধীন দারুল হাদিস ভবনের জন্য বিশেষ দোয়া করেন এবং শিক্ষকবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন। আইও/ |