সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন
প্রকাশ: ৩১ জুলাই, ২০২৬, ০৫:৪০ বিকাল
নিউজ ডেস্ক

বরিশাল প্রতিনিধি

ঝালকাঠির রাজাপুরে সড়ক দুর্ঘটনায় নিহত বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের উপ-পরিচালক (প্রশিক্ষণ) ও ইংলিশ বিভাগের শিক্ষক মাওলানা এবিএম আব্দুর রহিমের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। জানাজায় আলেম-উলামা, বিভিন্ন ইসলামি সংগঠনের নেতাকর্মী, সহকর্মী, শিক্ষার্থী ও অসংখ্য মুসল্লি অংশ নেন।

শুক্রবার (৩১ জুলাই) বাদ জুমা জানাজায় ইমামতি করেন বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের নির্বাহী চেয়ারম্যান মুফতী সৈয়দ এছহাক মো. আবুল খায়ের।

এ সময় চরমোনাই জামিয়া ও বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের পক্ষ থেকে উপস্থিত ছিলেন জামিয়ার নায়েবে মুহতামিম মুফতী আবদুল মান্নান আযিযী, বোর্ডের উপ-মহাপরিচালক মাওলানা শামসুদ্দোহা তালুকদার ও মাওলানা আব্দুস সাত্তার হামীদী, উপ-পরিচালক মাওলানা আবুবকর সিদ্দিক ও মাওলানা মিজানুর রহমান, প্রশাসনিক কর্মকর্তা মাওলানা সালমান শরীফ, পরিদর্শন কর্মকর্তা সৈয়দ খলিলুর রহমানসহ বোর্ডের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।

এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ মুজাহিদ কমিটি এবং সহযোগী বিভিন্ন সংগঠনের স্থানীয় দায়িত্বশীলরাও জানাজায় অংশ নেন। জানাজা শেষে মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এর আগে বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে ঝালকাঠীর রাজাপুর-ভান্ডারিয়া আঞ্চলিক মহাসড়কের বড় কৈবর্তখালী সমবায় এলাকায় একটি যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রা (থ্রি-হুইলার)-এর মুখোমুখি সংঘর্ষে মাওলানা এবিএম আব্দুর রহিম নিহত হন। একই দুর্ঘটনায় মাহিন্দ্রার আরেক যাত্রী মেহেদী (২৪) ঘটনাস্থলেই প্রাণ হারান এবং আরও চারজন আহত হন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, পাথরঘাটা থেকে ঢাকাগামী বরিশাল এক্সপ্রেস নামের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে ভান্ডারিয়ার উদ্দেশ্যে যাওয়া একটি মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের পর বাসটি ঘটনাস্থল ত্যাগ করে এবং মাহিন্দ্রার চালকও পালিয়ে যান।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস বলেন, দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থল থেকে দুইজনের মরদেহ উদ্ধার করেছে। পালিয়ে যাওয়া বাসটি শনাক্ত এবং দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আইও/