ছাত্রদের নেতৃত্ব গড়ে উঠতে হবে আদর্শ, নৈতিকতা ও যোগ্যতার মাধ্যমে: শায়খে চরমোনাই
প্রকাশ: ০১ আগস্ট, ২০২৬, ১০:০৬ দুপুর
নিউজ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম (শায়খে চরমোনাই) বলেছেন, বাংলাদেশে ইসলামের আদর্শভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠা এবং নৈতিক নেতৃত্ব গড়ে তোলার দায়িত্ব বর্তমান ছাত্রসমাজের কাঁধে। তিনি বলেন, বাংলাদেশে ইসলামের রাজনীতি তোমরাই করবে। এজন্য নিজেদের আদর্শ, নৈতিকতা, তাকওয়া ও যোগ্যতার মাধ্যমে গড়ে তুলতে হবে।

শুক্রবার (৩১ জুলাই) রাজধানীর পল্টনে ইকোনোমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ আয়োজিত ক্যাম্পাস প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় ঢাকেশ্বরী মন্দিরে অনুষ্ঠিত বিতর্কিত ট্রান্সজেন্ডার বিয়ের প্রতিবাদ জানিয়ে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নেতারা এটিকে বাংলাদেশের সংস্কৃতি ও আইনবিরোধী বলে দাবি করেন।

শায়খে চরমোনাই বলেন, ইসলামী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের লক্ষ্য সুস্পষ্ট রাখতে হবে এবং সাহাবায়ে কেরামের আদর্শ অনুসরণ করে সমাজে সত্য, ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায় কাজ করতে হবে। আত্মশুদ্ধি ছাড়া ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের প্রকৃত পরিবর্তন সম্ভব নয় বলেও তিনি মন্তব্য করেন।

তিনি শিক্ষার্থীদের রূহানিয়াত ও সংগ্রামী চেতনার সমন্বয়ে নিজেদের গড়ে তোলার আহ্বান জানিয়ে বলেন, ক্যাম্পাসে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, দখলদারিত্ব ও অনৈতিক সংস্কৃতির বিরুদ্ধে অবস্থান নিতে হবে। ইসলামকে কেবল ব্যক্তিগত ইবাদতের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং রাষ্ট্র, সমাজ, অর্থনীতি ও মানবকল্যাণের পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা হিসেবে উল্লেখ করে তিনি এ আদর্শ প্রতিষ্ঠায় শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান।

দেশের বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থতা, প্রশাসনিক দুর্বলতা, দুর্নীতি, নৈতিক অবক্ষয় ও শিক্ষা খাতের সংকট দেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করছে। ন্যায়ভিত্তিক, জবাবদিহিমূলক ও কল্যাণমুখী রাষ্ট্রব্যবস্থা গঠনে আদর্শিক নেতৃত্বের বিকল্প নেই বলেও তিনি মন্তব্য করেন।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মুনতাছির আহমাদের সভাপতিত্বে এবং সেক্রেটারি জেনারেল সুলতান মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম ও শাহ ইফতেখার তারিক, ইসলামী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সভাপতি এস এম মাইনুদ্দিন জাহাঙ্গীর এবং নোয়াখালী-১ আসনে হাতপাখা প্রতীকের সাবেক সংসদ সদস্য প্রার্থী আলহাজ জহিরুল ইসলাম সিআইপি।

সভাপতির বক্তব্যে মুনতাছির আহমাদ বলেন, সহিংসতা, লেজুড়বৃত্তি ও আদর্শহীন ছাত্ররাজনীতির পরিবর্তে ইসলামভিত্তিক আদর্শিক সমাজ গঠনে ক্যাম্পাস পর্যায়ে দায়িত্বশীল নেতৃত্ব তৈরি করতে হবে। তিনি বলেন, শিক্ষার্থীদের ন্যায্য অধিকার, নৈতিক মূল্যবোধ, শিক্ষার মানোন্নয়ন এবং বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামী ছাত্র আন্দোলন কাজ করে যাচ্ছে।

সভায় বক্তারা শিক্ষার্থীদের মধ্যে ইসলামী মূল্যবোধ, দেশপ্রেম, নেতৃত্বগুণ ও সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন এবং ন্যায়ভিত্তিক ও কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

আরএইচ/