জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে লন্ডনে আলোচনা সভা ও দোয়া মাহফিল
প্রকাশ: ০২ আগস্ট, ২০২৬, ০৯:৩০ সকাল
নিউজ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে যুক্তরাজ্যের লন্ডনে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ খেলাফত মজলিস (বিকেএম) যুক্তরাজ্য শাখা।

গত ২৭ জুলাই পূর্ব লন্ডনের হাসানা সেন্টারে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও যুক্তরাজ্য শাখার সহসভাপতি আলহাজ মাওলানা আতাউর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন যুক্তরাজ্য শাখার সাধারণ সম্পাদক মুফতি ছালেহ আহমদ।

আলোচনা সভায় বক্তব্য দেন যুক্তরাজ্য শাখার সহসভাপতি মাওলানা মুহাম্মদ শাহনূর মিয়া, বিশিষ্ট আলেম শায়খ মাওলানা শাব্বীর আহমদ, প্রশিক্ষণ সম্পাদক হাফেজ মাওলানা লিয়াকত হোসাইন, লন্ডন মহানগর শাখার সহসাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আব্দুল মুহাইমিন সুন্নাহ, সহসাধারণ সম্পাদক মাওলানা মাছুম আহমদ, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা আহবাবুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটাতে জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন জরুরি। তারা দাবি করেন, গণভোটের রায়ের ভিত্তিতে জুলাই সনদ বাস্তবায়ন এবং জনগণের মতামতের প্রতি শ্রদ্ধা জানিয়ে সংশ্লিষ্ট সংস্কারগুলো দ্রুত কার্যকর করতে হবে।

এ সময় নেতৃবৃন্দ জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় এনে বিচার কার্যকর করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানের শেষে জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদদের মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

আরএইচ/