
|
তরুণ মাদানী গ্র্যাজুয়েটদের নিয়ে আত্মপ্রকাশ করল ‘মাদানী স্কলারস ফোরাম’
প্রকাশ:
০২ আগস্ট, ২০২৬, ১১:০৬ দুপুর
নিউজ ডেস্ক |
নিজস্ব প্রতিবেদক শিক্ষা, সমাজসেবা ও বুদ্ধিবৃত্তিক কর্মকাণ্ডে জাতীয় পর্যায়ে ভূমিকা রাখার লক্ষ্যে সমসাময়িক তরুণ মাদানী গ্র্যাজুয়েটদের সমন্বয়ে আত্মপ্রকাশ করেছে ‘মাদানী স্কলারস ফোরাম’। এ উপলক্ষে শনিবার (১ আগস্ট) ঢাকার অদূরে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার মেঘনা নদীর তীরে অবস্থিত ‘দি হলি কোরআন আইডিয়াল স্কুল’ প্রাঙ্গণে এক প্রীতি মিলনমেলার আয়োজন করা হয়। প্রতিষ্ঠানটি কয়েকজন মাদানী গ্র্যাজুয়েটের উদ্যোগে প্রতিষ্ঠিত ও পরিচালিত হচ্ছে। দিনব্যাপী আয়োজনে পারস্পরিক প্রীতি সাক্ষাৎ, মধ্যাহ্নভোজ, মতবিনিময় সভা, আলোচনা অনুষ্ঠান এবং বিভিন্ন সৌহার্দ্যপূর্ণ আয়োজন অনুষ্ঠিত হয়। এতে মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করে দেশে বিভিন্ন শিক্ষা, দাওয়াহ, গবেষণা ও সামাজিক প্রতিষ্ঠানে কর্মরত তরুণ আলেমরা অংশ নেন। আয়োজকরা জানান, অংশগ্রহণকারীদের মধ্যে কেউ নিজস্ব শিক্ষা ও দাওয়াহ প্রতিষ্ঠান পরিচালনা করছেন, কেউ বিভিন্ন প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন, আবার অনেকে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অনার্স, মাস্টার্স ও পিএইচডি পর্যায়ে উচ্চশিক্ষায় নিয়োজিত রয়েছেন। সভায় উপস্থিত বক্তারা বলেন, মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের জ্ঞান, অভিজ্ঞতা ও দক্ষতাকে সমন্বিত করে দেশের শিক্ষা, সমাজসেবা, গবেষণা এবং বুদ্ধিবৃত্তিক অঙ্গনে কার্যকর ভূমিকা রাখার উদ্দেশ্যে ‘মাদানী স্কলারস ফোরাম’ গঠন করা হয়েছে। ভবিষ্যতে জাতীয় পর্যায়ে বিভিন্ন শিক্ষামূলক, গবেষণাধর্মী, সামাজিক ও কল্যাণমূলক কার্যক্রম পরিচালনার পরিকল্পনার কথাও তুলে ধরা হয়। আরএইচ/ |