
|
ইসলামী যুব আন্দোলনের ঈদ পুনর্মিলনী ও থানা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত
প্রকাশ:
১৩ জুন, ২০২৬, ০৮:৩০ সকাল
নিউজ ডেস্ক |
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার যৌথ উদ্যোগে এক বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী ও থানা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ জুন) বিকাল ৩টায় রাজধানীর আইএবি মিলনায়তনে আয়োজিত এ সম্মেলনে ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি মাওলানা হাম্মাদ বিন মোশাররফ সভাপতিত্ব করেন এবং অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা নেছার উদ্দীন হুজাইফ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মারুফ শেখ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সিনিয়র সহ-সভাপতি আলহাজ আলতাফ হোসেন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) মাওলানা আরিফ বিন মেহের উদ্দিন এবং কেন্দ্রীয় প্রবাসী কল্যাণ সম্পাদক ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা মুহা. ওয়ালিউল্লাহ তালুকদার। এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য দেন শ্রমিক নেতা শাহাদাত হোসেন প্রাধানীয়া, ঢাকা মহানগর দক্ষিণের সহ-সভাপতি মুফতি শওকত উসমান, ঢাকা মহানগর উত্তরের সহ-সভাপতি মুফতি মুস্তাইজ বিল্লাহ, হাফেজ ইকবাল হোসাইনসহ উত্তর ও দক্ষিণের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। বক্তারা বলেন, ইসলামী মূল্যবোধভিত্তিক আদর্শ সমাজ বিনির্মাণে যুবসমাজকে ঐক্যবদ্ধ ও সুসংগঠিত করতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। আগামী ২৪ জুলাই অনুষ্ঠিতব্য যুব সমাবেশে রাজধানীর বুকে যুবসমাজের ব্যাপক উপস্থিতি ও জনস্রোত সৃষ্টি হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। তারা আরও বলেন, দেশ, জাতি ও ইসলামের কল্যাণে যুবসমাজকে আদর্শিক নেতৃত্বের অধীনে গড়ে তুলতে হবে। আসন্ন যুব সমাবেশ সফল করতে নেতাকর্মীদের মাঠপর্যায়ে সর্বোচ্চ সময়, শ্রম ও মেধা ব্যয় করার পাশাপাশি সর্বাত্মক প্রস্তুতি গ্রহণের আহ্বান জানান বক্তারা। উল্লেখ্য, গত ১০ মে কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ২৪ জুলাই, শুক্রবার ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর পীর সাহেব চরমোনাইয়ের উপস্থিতিতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের যৌথ উদ্যোগে একটি বিশাল যুব সমাবেশ আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। জেডএম/ |