
|
এবার নারী কেলেঙ্কারিতে পদ গেল জামায়াতের রুকনের
প্রকাশ:
০৩ আগস্ট, ২০২৬, ০৯:২২ সকাল
নিউজ ডেস্ক |
বগুড়া প্রতিনিধি সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের নারী কেলেঙ্কারির ঘটনায় দেশজুড়ে যখন তোলপাড় তখন বগুড়ার ধুনট উপজেলার নিমগাছী ইউনিয়নের রুকন (সদস্য) মোশাররফ হোসেনের রুকনিয়াত (সদস্যপদ) বাতিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার (২ আগস্ট) রাতে সংগঠনটির বগুড়া জেলা শাখার প্রচার সম্পাদক নূর মোহাম্মদ আবু তাহের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ এবং সংগঠনের নীতি-আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গত ৩০ জুলাই অনুষ্ঠিত জেলা কর্মপরিষদের বৈঠকে মোশাররফ হোসেনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়। সেই সুপারিশের ভিত্তিতে আমিরে জামায়াত তার রুকনিয়াত (সদস্যপদ) বাতিলের সিদ্ধান্ত গ্রহণ করেন। এতে আরও বলা হয়, সদস্যপদ বাতিলের সিদ্ধান্ত কার্যকর হওয়ার পর থেকে মোশাররফ হোসেনের সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো সাংগঠনিক সম্পর্ক নেই। তার ব্যক্তিগত বক্তব্য, কর্মকাণ্ড বা কার্যকলাপের দায়-দায়িত্ব সংগঠন বহন করবে না। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বাংলাদেশ জামায়াতে ইসলামী তার আদর্শ, গঠনতন্ত্র, সাংগঠনিক শৃঙ্খলা ও নৈতিক মানদণ্ড সমুন্নত রাখতে বদ্ধপরিকর। সংগঠনের নীতি ও শৃঙ্খলার পরিপন্থি কর্মকাণ্ডে কেউ জড়িত হলে গঠনতন্ত্র অনুযায়ী প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এদিকে, অভিযুক্ত মোশাররফ হোসেন এ বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি। তবে স্থানীয় বিভিন্ন সূত্রের দাবি, তার বিরুদ্ধে এক নারীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। অভিযোগের পর ওই নারীকে বিয়ে করার চেষ্টা করেন তিনি। বিষয়টি নিয়ে বগুড়া জেলা জামায়াতের প্রচার সম্পাদক নূর মোহাম্মদ আবু তাহের গণমাধ্যমকে বলেন, ‘এ বিষয়ে বিস্তারিত কিছু বলতে চাই না। তিনি একজন নারীকে বিয়ে করতে চান। কিন্তু বিষয়টি আমাদের দলীয় শৃঙ্খলার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে সংগঠনের কাছে প্রতীয়মান হয়েছে। পরে সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ‘মোশাররফ হোসেন সংগঠনের রীতিনীতি ও নৈতিকতার পরিপন্থি কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছেন। এ কারণেই আমিরে জামায়াতের সিদ্ধান্তে তার রুকনিয়াত বাতিল করা হয়েছে।’ আরএইচ/ |