পাকিস্তানের সঙ্গে উত্তেজনা চায় না আফগান সরকার: জাবিউল্লাহ মুজাহিদ
প্রকাশ: ০৩ আগস্ট, ২০২৬, ১০:৩৭ দুপুর
নিউজ ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

আফগানিস্তানের অন্তর্বর্তী সরকারের মুখপাত্র মৌলভি জাবিউল্লাহ মুজাহিদ বলেছেন, আফগান সরকার কোনো দেশের সঙ্গে উত্তেজনা বা সংঘাত চায় না এবং পাকিস্তানের সঙ্গেও বিরোধের সূচনা করার কোনো ইচ্ছা তাদের নেই।

রোববার (২ আগস্ট) দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, কাবুল ও ইসলামাবাদের মধ্যকার চলমান উত্তেজনা উভয় দেশের জন্যই ক্ষতিকর। তাই এ সমস্যার স্থায়ী ও মূলগত সমাধানে ইসলামি আমিরাত আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

তিনি আরও বলেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে পারস্পরিক সম্মান, শান্তিপূর্ণ সহাবস্থান এবং গঠনমূলক সম্পর্ক বজায় রাখাই আফগান সরকারের নীতি। এ লক্ষ্যেই পাকিস্তানের সঙ্গে বিদ্যমান উত্তেজনা নিরসনে প্রয়োজনীয় উদ্যোগ অব্যাহত রয়েছে।

জাবিউল্লাহ মুজাহিদ আশা প্রকাশ করেন, সংলাপ ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে দুই দেশের মধ্যকার বিদ্যমান সমস্যাগুলোর গ্রহণযোগ্য সমাধান সম্ভব হবে, যা আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা জোরদারে ইতিবাচক ভূমিকা রাখবে। সূত্র: মিল্লাত টাইমস উর্দু

আরএইচ/