দক্ষিণ ভারতে ভারী বর্ষণ, বন্যায় প্রাণ গেল ১৪ জনের
প্রকাশ: ০৩ আগস্ট, ২০২৬, ০৫:৩২ বিকাল
নিউজ ডেস্ক

ভারতের দক্ষিণাঞ্চলে ভারী বর্ষণ ও আকস্মিক বন্যায় অন্তত ১৪ জনের মৃত্যুর এবং হাজার হাজার মানুষের বাস্তুচ্যুত হওয়ার খবর পাওয়া গেছে। কেরালা ও সংলগ্ন কর্নাটক রাজ্যে এই প্রাকৃতিক দুর্যোগের সৃষ্টি হয়েছে বলে রয়টার্স জানায়।

কেরালার রাজ্য সরকারের এক মন্ত্রীর জানান, সেখানে বৃষ্টিজনিত বিভিন্ন দুর্ঘটনায় রোববার (২ আগস্ট) পর্যন্ত ১১ জনের প্রাণহানি ঘটেছে এবং প্রায় ৭ হাজার ৭০০ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে প্রায় ২৭৫টি ত্রাণ শিবিরে রাখা হয়েছে।

পরিস্থিতি মোকাবেলায় কেরালার মুখ্যমন্ত্রী ভি ডি সাতিসান সোমবার (৩ আগস্ট) জেলা কর্মকর্তাদের সঙ্গে ত্রাণ শিবিরের ব্যবস্থাপনা নিয়ে পর্যালোচনা সভা করার কথা জানিয়েছেন। এর আগে রোববার বন্যাকবলিত এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শুরু হয়েছে বলে জানান তিনি।

রাজ্যটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবারও কেরালা রাজ্যের কিছু কিছু এলাকায় তীব্র বাতাস ও মাঝারি ধরনের বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। লাগাতার এই ভারী বর্ষণের কারণে কেরালার বহু স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে এবং রাজ্য সরকারের শিক্ষক নিয়োগের একটি পরীক্ষাও স্থগিত করা হয়েছে।

অন্যদিকে কেরালার প্রতিবেশী রাজ্য কর্নাটকের উত্তরাঞ্চলে অতি বৃষ্টির ফলে একটি ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটে। গত শনিবার ঘটা ওই ভূমিধসে স্বামী, স্ত্রী ও তাদের এক সন্তানসহ একই পরিবারের তিন সদস্যের মৃত্যু হয়েছে বলে দেশটির শীর্ষস্থানীয় সংবাদপত্র ‘দ্য হিন্দু’র প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এসএইচ/