
|
মোহাম্মদপুরে জামিয়া রহমানিয়ার পাশে ককটেল বিস্ফোরণ
প্রকাশ:
০৪ আগস্ট, ২০২৬, ০৯:১৬ সকাল
নিউজ ডেস্ক |
নিজস্ব প্রতিবেদক রাজধানীর মোহাম্মদপুরের জামিয়া রহমানিয়া আরাবিয়া মাদরাসার পাশের সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (৩ আগস্ট) সন্ধ্যা ৭টা ৫৭ মিনিটের দিকে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়ে দ্রুত এলাকা ত্যাগ করে। তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আবদুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চান মিয়া হাউজিং এলাকার সাতমসজিদ সংলগ্ন জামিয়া রহমানিয়া মাদরাসার উত্তর পাশের ৪ নম্বর সড়কে মোটরসাইকেলে আসা কয়েকজন ব্যক্তি একটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করেছে। এদিকে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. ফয়সাল দাবি করেন, ককটেলটি মাদরাসা এবং দলটির আমির মাওলানা মামুনুল হকের কার্যালয়ের অদূরে বিস্ফোরণ ঘটানো হয়েছে। তিনি ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান। তাৎক্ষণিকভাবে বিস্ফোরণে হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি। ঘটনার কারণ ও জড়িতদের পরিচয় উদ্ঘাটনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত চালিয়ে যাচ্ছে। আরএইচ/ |