
|
ভোরের বৃষ্টিতে ভিজল রাজধানী, দিনভর থাকতে পারে বৃষ্টি
প্রকাশ:
০৪ আগস্ট, ২০২৬, ০৯:২৬ সকাল
নিউজ ডেস্ক |
উত্তর বঙ্গোপসাগরে মৌসুমি বায়ুর প্রবল সক্রিয়তার কারণে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত বেড়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) ভোর থেকেই ঢাকার আকাশ মেঘে ঢেকে যায় এবং শুরু হয় ঝুম বৃষ্টি। সকালের এই বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন নিচু সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ফলে অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও জরুরি কাজে বের হওয়া পথচারীদের দুর্ভোগে পড়তে হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের মঙ্গলবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। এ সময় অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। বৃষ্টির কারণে দিনের তাপমাত্রাও কিছুটা কমতে পারে। গত ২৪ ঘণ্টায় ঢাকায় ২৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে। ভোর ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। একই সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯২ শতাংশ। এর আগে সোমবার রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। আরএইচ/ |