
|
তাসলিমা নাসরিনের মন্তব্যের তীব্র নিন্দা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের
প্রকাশ:
০৫ আগস্ট, ২০২৬, ০১:০৮ দুপুর
নিউজ ডেস্ক |
আন্তর্জাতিক ডেস্ক বাংলাদেশ থেকে বিতাড়িত বিতর্কিত লেখিকা তাসলিমা নাসরিনের সাম্প্রতিক কিছু মন্তব্য এবং দীনি মাদরাসা সম্পর্কে তাঁর বক্তব্যের তীব্র সমালোচনা ও নিন্দা জানিয়েছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড (AIMPLB)। ভারতের অভ্যন্তরীণ বিষয়—বিশেষ করে অভিন্ন দেওয়ানি বিধি (Uniform Civil Code) ও মাদরাসা শিক্ষা নিয়ে একজন বিদেশি নাগরিকের এ ধরনের মন্তব্য অনভিপ্রেত এবং অগ্রহণযোগ্য বলে মনে করে বোর্ড। মঙ্গলবার (৪ আগস্ট) বোর্ডের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি গণমাধ্যমে তাসলিমা নাসরিন অভিন্ন দেওয়ানি বিধি এবং দীনি মাদরাসা সম্পর্কে যে বক্তব্য দিয়েছেন, তা উসকানিমূলক, বিভ্রান্তিকর ও তথ্যভিত্তিক নয় বলে বোর্ড মনে করে। এসব মন্তব্যকে ভারতের অভ্যন্তরীণ বিষয়ে একজন বিদেশি নাগরিকের দায়িত্বজ্ঞানহীন হস্তক্ষেপ বলেও অভিহিত করা হয়েছে। বোর্ডের মুখপাত্র ড. এস. কাশিম রসূল ইলিয়াস এক বিবৃতিতে বলেন, দীনি মাদরাসার বিরুদ্ধে যেসব অভিযোগ উত্থাপন করা হয়েছে, সেগুলো সম্পূর্ণ ভিত্তিহীন এবং একটি ঐতিহ্যবাহী শিক্ষাব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা। তাঁর দাবি, ভারতের অধিকাংশ দীনি মাদ্রাসা সরকারি অনুদান ছাড়াই পরিচালিত হয় এবং সেখানে বিপুলসংখ্যক দরিদ্র ও এতিম শিক্ষার্থীকে বিনামূল্যে শিক্ষা, আবাসন ও অন্যান্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা প্রদান করা হয়। তিনি আরও বলেন, মাদরাসা থেকে শিক্ষালাভ করা আলেম ও শিক্ষার্থীরা বিচারব্যবস্থা, প্রশাসন, সাংবাদিকতা, শিক্ষা ও সমাজসেবাসহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। প্রেস বিজ্ঞপ্তিতে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড ভারতের সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, দেশের আইন, সংবিধান ও সামাজিক সম্প্রীতিকে ক্ষতিগ্রস্ত করতে পারে—এমন উসকানিমূলক বক্তব্যের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা উচিত। এছাড়া বোর্ডের দাবি, এ ধরনের মন্তব্য দেশের অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা ও সামাজিক সম্প্রীতির পাশাপাশি প্রতিবেশী দুই দেশের পারস্পরিক সম্পর্কের ওপরও নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এ বিষয়ে ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানানো হয়েছে। আরএইচ/ |