
|
১১ দলীয় জোটের সংবাদে ইসলামী আন্দোলনের লোগো ব্যবহার না করার আহ্বান
প্রকাশ:
১৫ জুন, ২০২৬, ০৪:৪৩ দুপুর
নিউজ ডেস্ক |
ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ ১১ দলীয় রাজনৈতিক জোট সংক্রান্ত সংবাদ প্রকাশের ক্ষেত্রে ইসলামী আন্দোলন বাংলাদেশের লোগো ব্যবহার না করার জন্য গণমাধ্যমকর্মীদের প্রতি অনুরোধ জানিয়েছেন। সোমবার (১৫ জুন) এক বিবৃতিতে তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ কয়েকটি রাজনৈতিক দলের মধ্যে একটি নির্বাচনী সমঝোতা হয়েছিল। তবে পরবর্তীতে সেই সমঝোতা ১১ দলীয় ঐক্যে রূপ নেওয়ার আগেই ইসলামী আন্দোলন বাংলাদেশ ওই জোট থেকে সরে আসে এবং পূর্ববর্তী সমঝোতারও সমাপ্তি ঘটে। তিনি বলেন, বিষয়টি গণমাধ্যমকর্মীদের অবগত থাকার পরও দুঃখজনকভাবে এখনো কোনো কোনো গণমাধ্যমে ১১ দলীয় ঐক্য সম্পর্কিত সংবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশের লোগো ব্যবহার করা হচ্ছে। এতে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে এবং সংশ্লিষ্ট গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতাও প্রশ্নের মুখে পড়তে পারে। শেখ ফজলুল করীম মারুফ আরও বলেন, ১১ দলীয় জোটের সংবাদ পরিবেশনের সময় ইসলামী আন্দোলন বাংলাদেশের লোগো ব্যবহার থেকে বিরত থাকার জন্য তিনি সংশ্লিষ্ট সকল সংবাদমাধ্যমের প্রতি আহ্বান জানাচ্ছেন। আরএইচ/ |