ইন্দোনেশিয়ায় ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
প্রকাশ: ১৬ জুন, ২০২৬, ১১:০৩ দুপুর
নিউজ ডেস্ক

ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে ৬.৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।

মঙ্গলবার (১৬ জুন) স্থানীয় সময় সকাল ১১টা ২৭ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। এর কেন্দ্রস্থল ছিল সেন্ট্রাল সুলাওয়েসি প্রদেশের রাজধানী পালু শহর থেকে প্রায় ৪৬ কিলোমিটার পূর্ব-দক্ষিণ-পূর্বে।

ইউএসজিএস জানায়, ভূমিকম্পটির গভীরতা ছিল মাত্র ১০ কিলোমিটার, যা তুলনামূলকভাবে অগভীর হওয়ায় ভূকম্পনের তীব্রতা বেশি অনুভূত হতে পারে।

তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এছাড়া ইন্দোনেশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা ও আবহাওয়া সংস্থাগুলো ভূমিকম্পের পর কোনো সুনামি সতর্কতা জারি করেনি।

উল্লেখ্য, ২০১৮ সালে ভয়াবহ ভূমিকম্প ও সুনামিতে পালু শহরটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। ওই ঘটনায় ৪ হাজারের বেশি মানুষ প্রাণ হারান। ফলে এ অঞ্চলের বাসিন্দারা ভূমিকম্পজনিত ঝুঁকি নিয়ে সবসময়ই সতর্ক থাকেন।

আইও