
|
সনদ নিয়ে ওঠা অভিযোগের জবাবে মুখ খুললেন ইফা ডিজি মুহিব্বুল্লাহিল বাকী
প্রকাশ:
১৬ জুন, ২০২৬, ১২:০১ দুপুর
নিউজ ডেস্ক |
নিজের একাডেমিক সনদ জালিয়াতির অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন ইসলামিক ফাউন্ডেশনের সদ্য নিয়োগ পাওয়া মহাপরিচালক মাওলানা মুহিব্বুল্লাহিল বাকী নদভী। তিনি বলেছেন, তাঁর বিরুদ্ধে প্রকাশিত প্রতিবেদন বাস্তবতাবিবর্জিত এবং যাচাই-বাছাই ছাড়াই মানুষের কথার ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। আওয়ার ইসলামকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে মুহিব্বুল্লাহিল বাকী নদভী বলেন, সাবেক মহাপরিচালক শামীম মোহাম্মদ আফজাল তাঁর বিরুদ্ধে বিভিন্ন সময় শোকজসহ নানা প্রশাসনিক পদক্ষেপ নিয়েছিলেন। যদি তাঁর শিক্ষাগত সনদ বা চাকরি সংক্রান্ত কোনো অনিয়ম থাকত, তাহলে তখনই ব্যবস্থা নেওয়া হতো এবং তিনি চাকরিতে বহাল থাকতে পারতেন না। দাওরায়ে হাদিসের সনদ জাল হওয়ার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, আমার সনদ যদি জাল হয়ে থাকে, তাহলে এখনো হাটহাজারী মাদরাসায় গিয়ে যাচাই করা যেতে পারে। তারা যেন যাচাই করে। তিনি আরও দাবি করেন, ২০১৫ সালে রমজান মাসে তাঁর সনদ যাচাইয়ের জন্য একটি প্রতিনিধি দল হাটহাজারী মাদরাসায় গেলেও প্রতিষ্ঠান বন্ধ থাকায় তারা সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ করতে পারেনি। পরে কিছু ব্যক্তির মতামতের ভিত্তিতে সনদ নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়। মুহিব্বুল্লাহিল বাকী নদভীর ভাষ্য অনুযায়ী, পরবর্তীতে সনদের সত্যতা নিশ্চিত হওয়ার পরও বিষয়টি স্পষ্টভাবে প্রকাশ করা হয়নি; বরং জনমনে সন্দেহ তৈরির মতো একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। তিনি বলেন, আমার ব্যাপারে যা লেখা হয়েছে, তা সম্পূর্ণ বানোয়াট। এর বাস্তব কোনো ভিত্তি নেই। উল্লেখ্য, দীর্ঘদিন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পেশ ইমাম হিসেবে দায়িত্ব পালন করা মাওলানা মুহিব্বুল্লাহিল বাকী নদভী সম্প্রতি ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন। তাঁর নিয়োগের পর একটি পত্রিকা তাঁর শিক্ষাগত যোগ্যতা ও সনদ নিয়ে প্রশ্ন তোলে, যার জবাবে তিনি এসব কথা বলেন। আইও |