যশোরের মহাসম্মেলনে আকাবিরে দেওবন্দের আদর্শ সংরক্ষণের আহ্বান
প্রকাশ: ০৭ আগস্ট, ২০২৬, ১১:১২ দুপুর
নিউজ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের উদ্যোগে যশোরে ‘তাহাফফুযে ফিকরে আকাবির’ শীর্ষক মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে বক্তারা আকাবিরে দেওবন্দের আদর্শ, বিশ্বাস ও মনীষা সংরক্ষণ, কওমী মাদরাসার স্বাতন্ত্র্য রক্ষা, পারস্পরিক ঐক্য সুদৃঢ় করা এবং দ্বীনের সঠিক ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখার ওপর গুরুত্বারোপ করেন।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুর ২টা থেকে বিকেল ৫টা ১৫ মিনিট পর্যন্ত যশোর সদর উপজেলার আশরাফুল মাদারিস (সতীঘাটা মাদরাসা) প্রাঙ্গণে সুশৃঙ্খল ও ভাবগম্ভীর পরিবেশে এ মহাসম্মেলন অনুষ্ঠিত হয়।

আয়োজকদের দাবি, খুলনা বিভাগের ১০টি জেলার পাশাপাশি বৃহত্তর ফরিদপুর ও বরিশাল বিভাগ থেকে হাজার হাজার আলেম, কওমী মাদরাসার শিক্ষার্থী এবং ধর্মপ্রাণ মুসল্লি সম্মেলনে অংশ নেন। সময়ের সঙ্গে উপস্থিতি বেড়ে আনুমানিক ২০ থেকে ২৫ হাজারে পৌঁছায়, ফলে পুরো সম্মেলনস্থল কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ভারতের দারুল উলূম দেওবন্দের মুহতামিম ও শায়খুল হাদিস আল্লামা আবুল কাসেম নোমানী। প্রধান আলোচক ছিলেন দারুল উলূম দেওবন্দের আহলে শূরার সদস্য মাওলানা হাসান মাহমুদ রাজস্থানি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকার জামিয়া ফরিদাবাদের মুহতামিম মাওলানা আব্দুল কুদ্দুস। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন আল-হাইআতুল উলইয়া লিল-জামিআতিল কওমিয়া বাংলাদেশের কো-চেয়ারম্যান মাওলানা সাজিদুর রহমান এবং আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম (হাটহাজারী মাদরাসা)-এর শিক্ষা সচিব ও সিনিয়র মুহাদ্দিস মুফতি কিফায়াতুল্লাহ।

খুলনা বিভাগীয় কওমী মাদরাসা পরিষদের সভাপতি হাফেজ মাওলানা মুশতাক আহমাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেম ড. গাজী মুফতি জহিরুল ইসলাম। এছাড়াও পরিষদের নির্বাহী সভাপতি মাওলানা আনোয়ারুল করীম যশোরী, সিনিয়র সহ-সভাপতি মুফতি আব্দুল হামিদ, সহ-সভাপতি মাওলানা আব্দুল মান্নান, মহাসচিব মাওলানা নাসীরুল্লাহ, সাংগঠনিক সম্পাদক মুফতি গোলামুর রহমানসহ কেন্দ্রীয়, জেলা ও থানা পর্যায়ের দায়িত্বশীল আলেমরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, বর্তমান সময়ে আকাবিরে দেওবন্দের চিন্তা-চেতনা, আদর্শ ও বুদ্ধিবৃত্তিক ঐতিহ্য সংরক্ষণ এবং তা নতুন প্রজন্মের কাছে সঠিকভাবে পৌঁছে দেওয়া সময়ের গুরুত্বপূর্ণ দাবি। একই সঙ্গে কওমী মাদরাসার স্বকীয়তা ও ঐতিহ্য অক্ষুণ্ণ রেখে পারস্পরিক ঐক্য ও ভ্রাতৃত্ববোধ জোরদার করার ওপরও গুরুত্বারোপ করা হয়।

সম্মেলন থেকে দেশ-বিদেশে আকাবিরে দেওবন্দের আদর্শ যথাযথভাবে ধারণ ও প্রচারে আলেম-ওলামা, তোলাবায়ে ইকরাম এবং সর্বস্তরের মুসলমানদের প্রতি আহ্বান জানানো হয়।

এসএইচ/