‘সংসদে মাথা ঝুঁকিয়ে সম্মান প্রদর্শন শিরকের কাছে চলে যায়’
প্রকাশ: ১৬ জুন, ২০২৬, ০৫:২০ বিকাল
নিউজ ডেস্ক

জাতীয় সংসদে প্রবেশের পর মাথা ঝুঁকিয়ে সম্মান প্রদর্শন করা নিয়ে মঙ্গলবার (১৬ জুন) জাতীয় সংসদে বক্তব্য রাখেন বিরোধী দলীয় সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা মো. মুজিবুর রহমান। তিনি এসময় বলেন, মাথা ঝুঁকিয়ে সম্মান প্রদর্শন করা ইসলামের সঙ্গে সাংঘর্ষিক, শিরকের কাছে চলে যায়।

বিকেলে অধিবেশন শুরু হওয়ার পরপরই পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি বলেন, কার্যপ্রণালিবিধিতে সংসদে ঢোকার পরে মাথা ঝুঁকিয়ে সম্মান প্রদর্শন করে ঢোকার কথা, এরপরে এটা নিয়ে আলোচনা-পর্যালোচনা হয়েছে, আমিও ছিলাম অতিথি। শেষ পর্যন্ত একটা সংশোধনীর ভেতরে আছে, সেটা হচ্ছে ঝুঁকিয়ে মাথা সম্মান প্রদর্শন করার ব্যাপারটা। এটা ইসলামের সঙ্গে সাংঘর্ষিক, শিরকের কাছে চলে যায়। সেজন্য এটাকে বাদ দেওয়া হয়েছে।

মজিবুর রহমান বলেন, আমি মাঝে মাঝে খেয়াল করি সুন্দরভাবে আপনি সালাম দেন, আমরাও জবাবে সালাম দিই। কিন্তু পরবর্তী পর্যায়ে দেখা যায় এরকম করে ওই আগের ঝুঁকুনিটা এখনো আছে। আপনারাও আছেন, মাননীয় ডেপুটি স্পিকারও আছে। সেজন্য আমি অনুরোধ করি কার্যপ্রণালিবিধিতে শিরককে উৎখাত করার জন্য যে বিধি করা হয়েছে, আমার মনে হয় সেটা সবার মেনে চলা উচিত। এতে নেকি হবে। গুনাহ থেকে বাঁচা যাবে। কালকে আমরা উপকার লাভ করবো।

পরে স্পিকার এরপর বলেন, আমি রুলস অব প্রসিডিউর দেখলাম। তারপর এই বিষয়ে, এটা যার যার ব্যক্তিগত বিষয়, কেউ সালাম দেবেন, কেউ ইয়ে করবে। সারা পৃথিবীতে আছে। তাও আমি দেখবো যে বিগত সংসদে এটা বাতিল করা হয়েছে কি না? এটা দেখে পরে আমি জানাবো। -বিবিসি বাংলা

জেডএম/