
|
জুনায়েদ জামশেদের সঙ্গে প্রথম সাক্ষাতের স্মৃতিচারণায় মাওলানা তারিক জামিল
প্রকাশ:
০৭ আগস্ট, ২০২৬, ০৫:৪৮ বিকাল
নিউজ ডেস্ক |
|| আন্তর্জাতিক ডেস্ক || পাকিস্তানের প্রখ্যাত ইসলামি আলোচক মাওলানা তারিক জামিল মরহুম শিল্পী, নাশিদশিল্পী ও উপস্থাপক জুনায়েদ জামশেদের সঙ্গে প্রথম সাক্ষাতের স্মৃতিচারণ করে বলেছেন, খ্যাতি ও গ্ল্যামারের মধ্যেও অন্তরের শূন্যতার কথা জানিয়েছিলেন জুনায়েদ জামশেদ। সেই আলোচনাই তাঁর জীবনের মোড় ঘুরিয়ে দেয়। সম্প্রতি একটি পডকাস্টে দেওয়া সাক্ষাৎকারে মাওলানা তারিক জামিল এ স্মৃতিচারণ করেন। মাওলানা তারিক জামিল বলেন, ১৯৯৭ সালে জুনায়েদ জামশেদ পাকিস্তানের অন্যতম জনপ্রিয় সংগীতশিল্পী ছিলেন। খ্যাতি, সৌন্দর্য, সাফল্য—সবকিছুই তাঁর ছিল। এক ব্যক্তির মাধ্যমে প্রথমবার তাঁর সঙ্গে সাক্ষাৎ হয়। প্রায় ১০ মিনিটের সেই সাক্ষাতে জুনায়েদ হঠাৎ একটি প্রশ্ন করেন, যা আজও তাঁর মনে গেঁথে আছে। মাওলানা তারিক জামিলের ভাষ্য অনুযায়ী, জুনায়েদ বলেছিলেন, ‘আমার কাছে সেই খ্যাতি ও গ্ল্যামার রয়েছে, যার স্বপ্ন পাকিস্তানের প্রায় সবাই দেখে। কিন্তু আমার হৃদয় শূন্য। মনে হয় আমি এমন একটি নৌকায় আছি, যার কোনো গন্তব্য নেই।’ তিনি বলেন, এ কথাগুলো এমন একজন মানুষের মুখে শোনা গিয়েছিল, যিনি দুনিয়াবি সফলতার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিলেন। মাওলানা তারিক জামিল জানান, জবাবে তিনি জুনায়েদ জামশেদকে একটি উদাহরণ দিয়ে বলেছিলেন, ‘আপনি ক্ষতের ওপর ভুল ওষুধ লাগাচ্ছেন। আপনি গ্ল্যামারের মধ্যে প্রশান্তি খুঁজছেন, অথচ প্রকৃত প্রশান্তি একমাত্র আল্লাহর কাছেই পাওয়া যায়।’ তিনি বলেন, আল্লাহ তাআলা পরবর্তীতে জুনায়েদ জামশেদের জন্য দ্বীনের পথে আসার পরিবেশ সৃষ্টি করে দেন। ২০০২ সালে তিনি প্রথমবারের মতো তাবলিগ জামাতের সফরে অংশ নেন। সেই সফরে তিনি যে মানসিক প্রশান্তি অনুভব করেছিলেন, তা তাঁর আগের জীবনে কখনো অনুভব করেননি। সাক্ষাৎকারের এক পর্যায়ে তিনি বলেন, বর্তমান প্রজন্মের অনেকেই প্রকৃত মানসিক প্রশান্তির স্বাদ জানে না। মানুষের প্রকৃত শান্তি ও আত্মিক তৃপ্তি একমাত্র আল্লাহর স্মরণ এবং তাঁর পথে চলার মধ্যেই নিহিত। সূত্র: রোজনামায়ে জং এমএম/ |