ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের কমিটিতে কারা ঠাঁই পেলেন, দেখুন তালিকা
প্রকাশ: ০৭ আগস্ট, ২০২৬, ০৭:৫৩ বিকাল
নিউজ ডেস্ক

|| নিজস্ব প্রতিবেদক ||

ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) সকালে রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে নবগঠিত কমিটির নেতাদের শপথগ্রহণ অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এ কমিটি ঘোষণা করা হয়।

ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ও দলের সহকারী মহাসচিব মাওলানা শেখ ফজলুল করীম মারুফের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)। এ সময় বিশেষ নির্দেশনা দেন দলের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সভাপতি মাওলানা আহমদ আবদুল কাইয়ুম এবং ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আরিফুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তব্যে পীর সাহেব চরমোনাই বলেন, দেশে বারবার রক্তক্ষয়ী আন্দোলন হলেও জনগণের প্রত্যাশিত মুক্তি, শান্তি ও সমৃদ্ধি প্রতিষ্ঠিত হয়নি। কারণ প্রতিটি রাজনৈতিক পরিবর্তনের পর আগের ব্যবস্থার ধারাবাহিকতাই বজায় থেকেছে। তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের পরও একই ধরনের পরিস্থিতির পুনরাবৃত্তি হয়েছে। এ অবস্থা থেকে বেরিয়ে আসতে দেশের সব স্তরে পরিশুদ্ধ আত্মা ও শুদ্ধ চিন্তাধারার মানুষের নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে।

তিনি নবনির্বাচিত নেতাদের উদ্দেশে বলেন, ঢাকা মহানগর দক্ষিণের তৃণমূল পর্যায়ের প্রতিটি ক্ষমতার কেন্দ্রকে জনগণের কল্যাণে সক্রিয় করতে হবে। সৎ ও আদর্শবান নেতৃত্ব প্রতিষ্ঠার মাধ্যমে দেশের মানুষের দীর্ঘদিনের শান্তি, ন্যায়বিচার ও মুক্তির আকাঙ্ক্ষা বাস্তবায়ন সম্ভব হবে।

অনুষ্ঠানে দলের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেন, আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ সর্বাত্মকভাবে অংশ নেবে। এজন্য প্রতিটি ওয়ার্ডে সাংগঠনিক প্রস্তুতি জোরদার করতে হবে এবং মানুষের সুখ-দুঃখের অংশীদার হয়ে সমাজে গ্রহণযোগ্য নেতৃত্ব গড়ে তুলতে হবে।

পূর্ণাঙ্গ কমিটি

ঘোষিত কমিটির সভাপতি করা হয়েছে মাওলানা শেখ ফজলুল করীম মারুফকে। সহ-সভাপতি হিসেবে রয়েছেন জিএম রুহুল আমিন, আলহাজ আনোয়ার হোসেন, আলহাজ এম এইচ মোস্তফা, আলহাজ আব্দুল আউয়াল মজুমদার ও মাওলানা আব্দুল রাজ্জাক।

সেক্রেটারি করা হয়েছে কেএম শরীয়াতুল্লাহকে। যুগ্ম সেক্রেটারি মুহাম্মাদ ফজলুল হক মৃধা এবং সহকারী সেক্রেটারি মুফতী আব্দুল আহাদ।

সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আলহাজ নজরুল ইসলাম খোকন, মাওলানা নজরুল ইসলাম, মাওলানা কামাল হোসাইন, হাফেজ মাওলানা নাজির আহমাদ শিবলী, টিএম মাহফুজ, হাফেজ সালাহউদ্দীন, মাওলানা তারিক মাসউদ, আলহাজ বেলাল হোসেন আরিফ এবং মুফতী মাওলানা ওমর ফারুক।

এছাড়া প্রচার সম্পাদক হাফেজ মাওলানা শফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক মাওলানা গাজী নাজিমুদ্দীন, অর্থ ও প্রকাশনা সম্পাদক আলহাজ আব্দুর রহমান, প্রশিক্ষণ সম্পাদক হাফেজ মাওলানা ইউসুফ আহমাদ মানসুর, দাওয়াহ ও জনশক্তি সম্পাদক মুফতী আল-আমীন আল ইহসান, আইন ও মানবাধিকারবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ওসমান গণী, ছাত্রী ও মহিলা ইউনিট সম্পাদক হাফেজ মাওলানা মাহবুবুর রহমান, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মাওলানা আব্দুর রাজ্জাক আকন, শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক আলহাজ এমদাদুল ফেরদৌস এবং নির্বাচন ও জনপ্রতিনিধি সম্পাদক মাহবুবুর রহমান নাহিয়ান নির্বাচিত হয়েছেন।

কমিটিতে বিভিন্ন বিভাগের সহকারী সম্পাদক, ১০ জন সদস্য এবং মহিলা ইউনিট থেকে ২২ জন সদস্যাকে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে দলীয় সূত্রে জানানো হয়েছে।

 এমএম/