
|
‘পাকিস্তান-সৌদি-তুরস্কের প্রতিরক্ষা চুক্তি মুসলিম উম্মাহর ঐক্যের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি’
প্রকাশ:
০৮ আগস্ট, ২০২৬, ১২:০২ দুপুর
নিউজ ডেস্ক |
আন্তর্জাতিক ডেস্ক পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা চুক্তিকে মুসলিম উম্মাহর ঐক্য, স্থিতিশীলতা ও যৌথ প্রতিরক্ষার ক্ষেত্রে আশাব্যঞ্জক অগ্রগতি হিসেবে অভিহিত করেছেন পাকিস্তানের শীর্ষ কওমি মাদরাসা বোর্ড বেফাকুল মাদারিস আল-আরাবিয়া পাকিস্তানের মহাসচিব মাওলানা মুহাম্মদ হানিফ জালন্ধরি। শুক্রবার (৭ আগস্ট) ইসলামাবাদে এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন। একই সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, ফিল্ড মার্শাল হাফিজ সৈয়দ আসিম মুনির, সৌদি বাদশাহ সালমান ও তাঁর যুবরাজ মোহাম্মদ বিন সালমান, তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান এবং তিন দেশের জনগণকে এ চুক্তির জন্য অভিনন্দন জানান তিনি। মাওলানা হানিফ জালন্ধরি বলেন, পবিত্র কাবা শরিফের ছায়ায় পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা মুসলিম বিশ্বের ঐক্য ও সংহতির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। এর আগে পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে বিদ্যমান প্রতিরক্ষা সহযোগিতার সঙ্গে তুরস্কের যুক্ত হওয়া প্রমাণ করে, গুরুত্বপূর্ণ মুসলিম দেশগুলো পারস্পরিক আস্থা, সহযোগিতা ও অভিন্ন স্বার্থ রক্ষায় বাস্তব পদক্ষেপের দিকে এগিয়ে যাচ্ছে। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে মুসলিম উম্মাহ অভ্যন্তরীণ ও বহিরাগত নানা চ্যালেঞ্জের মুখোমুখি। এসব চ্যালেঞ্জ কার্যকরভাবে মোকাবিলা করতে পারস্পরিক ঐক্য, সংহতি ও সমন্বিত কৌশলের বিকল্প নেই। মাওলানা জালন্ধরি বলেন, এ সহযোগিতা শুধু প্রতিরক্ষা খাতে সীমাবদ্ধ রাখা উচিত নয়। বাণিজ্য, অর্থনীতি, বিনিয়োগ, বিজ্ঞান ও প্রযুক্তি, শিক্ষা, গবেষণা, স্বাস্থ্য এবং জ্বালানিসহ গুরুত্বপূর্ণ সব ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণ করা প্রয়োজন। তিনি মুসলিম দেশগুলোর অভিন্ন স্বার্থ রক্ষায় একটি শক্তিশালী, সক্রিয় ও কার্যকর জোট গড়ে তোলার আহ্বান জানান। তাঁর মতে, এর মাধ্যমে মুসলিম উম্মাহর সম্মিলিত শক্তিকে সুসংগঠিতভাবে এগিয়ে নেওয়া সম্ভব হবে। বিবৃতির শেষে মাওলানা মুহাম্মদ হানিফ জালন্ধরি দোয়া করেন, আল্লাহ তায়ালা যেন এ উদ্যোগকে মুসলিম উম্মাহর ঐক্য, স্থিতিশীলতা, শান্তি ও উন্নতির মাধ্যম হিসেবে কবুল করেন এবং মুসলিম নেতৃত্বকে পারস্পরিক ভ্রাতৃত্ব ও অভিন্ন স্বার্থ রক্ষায় আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার তাওফিক দান করেন। আরএইচ/ |