
|
নারায়ণগঞ্জে গ্যাসের আগুনে দগ্ধ শিশুর মৃত্যু
প্রকাশ:
০৮ আগস্ট, ২০২৬, ০৪:২৯ দুপুর
নিউজ ডেস্ক |
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ আট বছর বয়সী এক শিশু চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় মারুফের বাবা মো. মাইদুল ইসলাম ও মা বিউটি আক্তারও দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে। শনিবার (৮ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে, শুক্রবার (৭ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে বন্দরের কুড়িপাড়া চাপাতলি এলাকার সেলিম মিয়ার টিনশেড বাসায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়দের ভাষ্য, গ্যাসের লিকেজ থেকে ঘরের ভেতরে গ্যাস জমে ছিল। পরে মাইদুল সিগারেট ধরাতে দিয়াশলাই জ্বালালে জমে থাকা গ্যাসে আগুন ধরে বিস্ফোরণ ঘটে। এতে ঘরের ভেতরে থাকা মাইদুল, তার স্ত্রী বিউটি ও ছেলে মারুফ দগ্ধ হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যান। সেখানে তাদের ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছিল। বার্ন ইনস্টিটিউটের চিকিৎসক শাওন বলেন, আগুনে মারুফের শ্বাসনালিসহ শরীরের ৯০ শতাংশ পুড়ে গিয়েছিল। তার বাবা মাইদুল শরীরের ৮৫ শতাংশ এবং মা বিউটি ৮০ শতাংশ দগ্ধ নিয়ে একই হাসপাতালে চিকিৎসাধীন আছেন। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরিফিন বলেন, গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ হয়। পরে তাদের উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শিশু মারুফের মৃত্যু হয়েছে। আইও/ |