
|
খুলনায় নূরানী বোর্ডের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত
প্রকাশ:
১৮ জুন, ২০২৬, ১১:২৬ দুপুর
নিউজ ডেস্ক |
পবিত্র কুরআনের বিশুদ্ধ শিক্ষা বিস্তার এবং নূরানী শিক্ষকদের দক্ষতা ও যোগ্যতা উন্নয়নের লক্ষ্যে খুলনায় নূরানী তালিমুল কুরআন বাংলাদেশের উদ্যোগে ষান্মাসিক জোড় অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ জুন) খুলনা মহানগরীর নিরালা আবাসিক এলাকার কবরস্থান সংলগ্ন নূরানী তালিমুল কুরআন মাদরাসা মসজিদে এ জোড়ের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বোর্ডের খুলনা অঞ্চলের সভাপতি মাওলানা আবদুল্লাহ আল মামুন। অনুষ্ঠান পরিচালনা করেন বোর্ডের সেক্রেটারি জেনারেল মুফতি অলিউল্লাহ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নূরানী তালিমুল কুরআন বোর্ডের চেয়ারম্যান মাওলানা ইসমাইল বেলায়েত হুসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোর্ডের পরিচালক মাওলানা কালিমুল্লাহ জামিল এবং পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা আবু বকর। আলোচনা পর্বে বক্তারা কুরআনুল কারিম বিশুদ্ধভাবে তেলাওয়াত ও শিক্ষাদানের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি শিক্ষার্থীদের পাঠদান পদ্ধতি, শিক্ষার মানোন্নয়ন এবং শৃঙ্খলা রক্ষার বিভিন্ন দিক নিয়ে দিকনির্দেশনা প্রদান করেন। এ সময় আরবি হরফের সঠিক উচ্চারণ, মাখরাজ, মদ ও গুন্নাহ বিষয়ক ব্যবহারিক প্রশিক্ষণও দেওয়া হয়। অংশগ্রহণকারী শিক্ষকদের নিয়ে কুরআনের বিভিন্ন আয়াত ও সূরা মশক করানো হয়। অনুষ্ঠানে স্থানীয় আলেম ও শিক্ষকদের মধ্যে মাওলানা মাহদি হাসান, মাওলানা আইয়ুব আলী এবং মাওলানা ইবরাহিমসহ অনেকে উপস্থিত ছিলেন। নূরানী তালিমুল কুরআন বোর্ড সূত্রে জানা গেছে, জুন-জুলাই মাসজুড়ে দেশের বিভিন্ন অঞ্চলে ধারাবাহিকভাবে এ ধরনের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত হবে। এর অংশ হিসেবে ঝিনাইদহ, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, লক্ষ্মীপুর, কুমিল্লা, চাঁদপুর, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর ও ভোলাসহ বিভিন্ন জেলায় কর্মসূচি আয়োজন করা হয়েছে। সংশ্লিষ্টরা মনে করেন, আদর্শ ও সচেতন সমাজ গঠনে কুরআন শিক্ষার মানোন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে লক্ষ্যেই নূরানী তালিমুল কুরআন বোর্ড দেশব্যাপী শিক্ষক প্রশিক্ষণ ও শিক্ষার গুণগত উন্নয়নে ধারাবাহিক উদ্যোগ গ্রহণ করে যাচ্ছে। জেডএম/ |