
|
আদর্শ সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের ভূমিকা অপরিসীম: আমানউল্লাহ আমান
প্রকাশ:
১৮ জুন, ২০২৬, ০৩:২২ দুপুর
নিউজ ডেস্ক |
ইমাম-মুয়াজ্জিনরা সমাজে নৈতিকতা, ধর্মীয় মূল্যবোধ ও মানবিক শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। একটি নৈতিক ও আদর্শ সমাজ গঠনে তাদের ভূমিকা অপরিসীম। তাদের কল্যাণ ও জীবনমান উন্নয়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে বলে জানিয়েছেন, ঢাকা-২ আসনের সংসদ সদস্য (এমপি) আমানউল্লাহ আমান। বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে কেরানীগঞ্জ উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলা অডিটোরিয়াম হলরুমে আয়োজিত মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আমানউল্লাহ আমান বলেন, সমাজে শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় ইমাম-মুয়াজ্জিনরা গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। তাই তাদের আর্থ-সামাজিক উন্নয়ন এবং সম্মানজনক জীবনযাপন নিশ্চিত করা অত্যন্ত জরুরি। তিনি আরও বলেন, মসজিদভিত্তিক শিক্ষা কার্যক্রম, ধর্মীয় সেবায় নিয়োজিত ব্যক্তিদের প্রশিক্ষণ এবং বিভিন্ন কল্যাণমূলক উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে সরকার ইমাম-মুয়াজ্জিনদের পাশে রয়েছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে আমি আশাবাদী। বক্তব্যে তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান একজন সাধারণ মানুষের মতো রাস্তা-ঘাটে চলাফেরা ও জীবনযাপন করেন। তিনি সবসময় জনগণের সুখ-দুঃখের খোঁজখবর রাখেন এবং সাধারণ মানুষের প্রত্যাশা ও চাওয়া-পাওয়াকে গুরুত্ব দেন। তিনি আরও বলেন, নেতৃত্বের মূল শক্তি জনগণের আস্থা ও ভালোবাসা। জনগণের সঙ্গে নিবিড় সম্পর্ক বজায় রেখে তারেক রহমান দেশকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করে যাচ্ছেন। কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উমর ফারুকের সভাপতিত্বে এবং উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের ইনচার্জ আল আমিনের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের ঢাকা বিভাগীয় পরিচালক মোহাম্মদ মাহবুবুর রহমান। এছাড়া বিভিন্ন মসজিদের ইমাম-মুয়াজ্জিন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও ধর্মপ্রাণ মুসল্লিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। জেডএম/ |