
|
খুলনায় চলছে আস-সুন্নাহর পাঁচ দিনের ইমাম প্রশিক্ষণ কর্মশালা
প্রকাশ:
১০ আগস্ট, ২০২৬, ১০:১৩ দুপুর
নিউজ ডেস্ক |
নিজস্ব প্রতিবেদক খুলনা বিভাগের ইমাম-খতিবদের দক্ষতা বৃদ্ধি ও দাওয়াহ কার্যক্রমকে আরও কার্যকর করার লক্ষ্যে পাঁচ দিনব্যাপী বিশেষ ইমাম প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় খুলনা বিভাগের ১০ জেলার নির্বাচিত ১২৬ জন ইমাম-খতিব অংশ নিচ্ছেন। রোববার (৯ আগস্ট) শুরু হওয়া এ প্রশিক্ষণ কর্মশালা চলবে ১৩ আগস্ট পর্যন্ত। প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। কর্মশালার উদ্বোধনী সেশনে ‘মসজিদকে প্রোডাক্টিভ করার কৌশল’ বিষয়ে প্রশিক্ষণ পরিচালনা করেন জনপ্রিয় আলোচক ও দাঈ আবদুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ। পাঁচ দিনের এ কর্মশালায় ইমাম-খতিবদের যুগোপযোগী দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রায় ২০টি গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। এর মধ্যে রয়েছে—লিডারশিপ, পার্সোনাল ডেভেলপমেন্ট, পাবলিক স্পিকিং, ইফেক্টিভ কমিউনিকেশন, টাইম ম্যানেজমেন্ট, দাওয়াহ ও মনস্তত্ত্ব, ইমোশনাল ইন্টেলিজেন্স এবং মসজিদকে আরও কার্যকরভাবে পরিচালনার কৌশল। এ ছাড়া আধুনিক প্রযুক্তির ব্যবহার ও ফ্যাক্ট চেকিং, ইসলামি চিন্তাধারা ও সমকালীন মতবাদ, সংশয়বাদ ও নাস্তিক্যবাদ মোকাবিলা, বিজ্ঞান ও ইসলাম, এলজিবিটিকিউ ও জেন্ডার-সংক্রান্ত চ্যালেঞ্জ, দৈনন্দিন শরীরচর্চা ও প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যাসহ দাওয়াহ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। আস-সুন্নাহ ফাউন্ডেশন জানিয়েছে, ইমাম ও খতিবদের দক্ষতা বৃদ্ধি এবং দাওয়াহ কার্যক্রমকে আরও ফলপ্রসূ করার লক্ষ্যে বিভাগভিত্তিক এ প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করা হচ্ছে। এর আগে রংপুর ও রাজশাহী বিভাগের ইমাম-খতিবদের নিয়ে এ ধরনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। পর্যায়ক্রমে দেশের সব বিভাগের ইমাম-খতিবদের এ প্রশিক্ষণের আওতায় আনার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য বর্তমানে সংশ্লিষ্ট বিভাগে কর্মরত ইমাম বা খতিবদের কাছ থেকে আবেদন নেওয়া হয়। প্রার্থীদের দাওরায়ে হাদিস, ফাজিল-কামিল অথবা ইসলাম ও আরবি বিষয়ে অনার্স বা মাস্টার্স ডিগ্রি থাকা বাধ্যতামূলক। আবেদনকারীদের শিক্ষাগত ফলাফল, অভিজ্ঞতা এবং দাওয়াহ ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ততার ভিত্তিতে প্রশিক্ষণার্থীদের নির্বাচন করা হয়। আরএইচ/ |