
|
৯ মাসের বেতন বকেয়া, চালডালের প্রধান কার্যালয়ে কর্মীদের অবস্থান
প্রকাশ:
১০ আগস্ট, ২০২৬, ০৭:১৮ বিকাল
নিউজ ডেস্ক |
দেশের অন্যতম শীর্ষ ই-কমার্স প্রতিষ্ঠান চালডাল ডটকমের কর্মীদের ৯ মাসের বেতন-ভাতা বকেয়া থাকার অভিযোগ উঠেছে। পাওনা পরিশোধের দাবিতে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ওয়াসিম আলিমের বনানী কার্যালয়ে অবস্থান ধর্মঘট ও বিক্ষোভ করছেন কর্মীরা। রোববার (৯ আগস্ট) সকাল ১০টা থেকে এ কর্মসূচি শুরু হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত তা চলছিল। পাওনা আদায়ের দাবিতে তিন শতাধিক কর্মী বিক্ষোভ মিছিল নিয়ে বনানীর কার্যালয়ে গিয়ে অবস্থান নেন এবং অফিস ঘেরাও করেন। আন্দোলনে অংশ নেওয়া চালডালের পান্থপথ ওয়্যারহাউসের কর্মী রুম্মন খান জানান, দেড় শতাধিক কর্মীকে ব্র্যাক ব্যাংকের চেকের মাধ্যমে বেতন-ভাতা পরিশোধ করা হয়েছিল। তবে সংশ্লিষ্ট ব্যাংক হিসাবে পর্যাপ্ত অর্থ না থাকায় চেকগুলো ডিজঅনার হয়। ফলে কর্মীরা বেতন তুলতে পারেননি। এদিকে দীর্ঘদিন ধরে বেতন বকেয়া থাকায় কর্মীদের মধ্যে প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ কার্যক্রম নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। প্রতিষ্ঠানটি কার্যক্রম গুটিয়ে নিচ্ছে—এমন গুঞ্জনও ছড়িয়ে পড়েছে। কর্মীদের অভিযোগ, ঢাকায় চালডালের ১৯টি ওয়্যারহাউসের মধ্যে দক্ষিণখান ওয়্যারহাউস ইতোমধ্যে পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি অন্যান্য ওয়্যারহাউস থেকেও মালামাল সরিয়ে নেওয়া হচ্ছে। তবে বকেয়া বেতন-ভাতা কবে পরিশোধ করা হবে, সে বিষয়ে এখনো চালডাল কর্তৃপক্ষের কাছ থেকে স্পষ্ট কোনো বক্তব্য পাওয়া যায়নি। এসএইচ/
|