
|
‘সংসদকে বিনোদন কেন্দ্রে রূপান্তরের চেষ্টা চলছে’
প্রকাশ:
১৯ জুন, ২০২৬, ০৩:৪৮ দুপুর
নিউজ ডেস্ক |
ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আহমদ আবদুল কাইয়ূম বলেছেন, জাতীয় সংসদকে কার্যকর আইনসভা হিসেবে গড়ে তোলার পরিবর্তে একে বিনোদন কেন্দ্রে রূপান্তরের চেষ্টা চলছে বলে মনে হচ্ছে। তিনি সংসদে অপ্রাসঙ্গিক আলোচনা পরিহার করে জনগণের গুরুত্বপূর্ণ সমস্যাগুলোকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানান। শুক্রবার (১৯ জুন) এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। আহমদ আবদুল কাইয়ূম বলেন, দেশের সাধারণ মানুষ কঠোর পরিশ্রম করে জীবিকা নির্বাহ করে এবং কর প্রদান করে রাষ্ট্র পরিচালনায় অবদান রাখেন। একইভাবে প্রবাসীরা স্বজনদের থেকে হাজার হাজার মাইল দূরে অবস্থান করে কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা দেশে পাঠান। জনগণের এই অর্থের ওপর নির্ভর করেই রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালিত হয়। তিনি অভিযোগ করেন, জাতীয় সংসদের বর্তমান অধিবেশনে বিভিন্ন অপ্রয়োজনীয় ও অপ্রাসঙ্গিক আলোচনার মাধ্যমে জনগণের অর্থের অপচয় করা হচ্ছে। এতে গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যুগুলো আড়ালে চলে যাচ্ছে এবং সংসদের মূল উদ্দেশ্য ব্যাহত হচ্ছে। ইসলামী আন্দোলনের এই নেতা বলেন, সংসদ সদস্যদের মনে রাখা উচিত যে জাতীয় সংসদের প্রতি মিনিটের কার্যক্রম পরিচালনায় বিপুল পরিমাণ অর্থ ব্যয় হয়। জনগণ তাদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করে রাষ্ট্রীয় সম্পদের দায়িত্ব অর্পণ করেছে। তাই সেই দায়িত্ব যথাযথভাবে পালন করা তাদের নৈতিক ও সাংবিধানিক কর্তব্য। তিনি আরও বলেন, সংসদকে কার্যকর ও জনকল্যাণমুখী আইনসভা হিসেবে দেখতে চায় দেশের মানুষ। অপ্রাসঙ্গিক আলোচনা বন্ধ করে জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া প্রয়োজন। আহমদ আবদুল কাইয়ূম সংসদের কার্যক্রমকে আরও ফলপ্রসূ ও জনমুখী করতে সরকারের প্রধানের কার্যকর হস্তক্ষেপ কামনা করেন। জেডএম/ |