ইসলাম গ্রহণ করা দুই বোনকে আটকে রাখায় ২৫ লাখ রুপি ক্ষতিপূরণের নির্দেশ
প্রকাশ: ১১ আগস্ট, ২০২৬, ০৯:১৭ সকাল
নিউজ ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

ইসলাম গ্রহণ করা দুই প্রাপ্তবয়স্ক বোনকে তাদের ইচ্ছার বিরুদ্ধে দীর্ঘদিন বাবার বাড়িতে আটকে রাখার ঘটনায় কঠোর অবস্থান নিয়েছেন ভারতের এলাহাবাদ হাইকোর্ট। এ ঘটনায় দুই বোনকে ক্ষতিপূরণ হিসেবে মোট ২৫ লাখ রুপি দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

আদালতের নির্দেশ অনুযায়ী, ক্ষতিপূরণের অর্থ বাবার পাশাপাশি সংশ্লিষ্ট রাজ্য সরকারকে যৌথভাবে পরিশোধ করতে হবে।

আদালত স্পষ্ট করে বলেছেন, কোনো প্রাপ্তবয়স্ক ব্যক্তির ধর্মীয় পছন্দ কিংবা ব্যক্তিগত সিদ্ধান্তের সঙ্গে পরিবারের সদস্য বা রাষ্ট্রের মতপার্থক্য থাকলেও তাকে তার ইচ্ছার বিরুদ্ধে আটকে রাখার বৈধতা তৈরি হয় না।

রায়ে আদালত বলেন, একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির নিজের ধর্ম বেছে নেওয়া এবং ব্যক্তিগত জীবনসংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার অধিকার রয়েছে। সেই সিদ্ধান্ত পরিবারের পছন্দের সঙ্গে না মিললেও তার স্বাধীনতা খর্ব করা যাবে না।

দুই বোন ইসলাম গ্রহণের পর তাদের ইচ্ছার বিরুদ্ধে দীর্ঘ সময় বাবার বাড়িতে অবস্থান করতে বাধ্য হন বলে মামলায় অভিযোগ করা হয়। বিষয়টি আদালতের নজরে এলে তাদের ব্যক্তিস্বাধীনতা ও ধর্মীয় অধিকারের প্রশ্নটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়।

এ ঘটনায় আদালত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও কঠোর অবস্থান নেন এবং দুই বোনের প্রতি সংঘটিত অধিকার লঙ্ঘনের জন্য ২৫ লাখ রুপি ক্ষতিপূরণের নির্দেশ দেন।

আদালতের এ পর্যবেক্ষণ প্রাপ্তবয়স্ক ব্যক্তির ধর্মীয় স্বাধীনতা, ব্যক্তিগত পছন্দ ও ব্যক্তিস্বাধীনতার অধিকারের বিষয়ে একটি গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে দেখা হচ্ছে। সূত্র: মিল্লাত টাইমস উর্দু

আরএইচ/