
|
মসজিদে নববিতে স্বেচ্ছাসেবক হিসেবে নিয়োগের সুযোগ
প্রকাশ:
১৯ জুন, ২০২৬, ০৫:১৯ বিকাল
নিউজ ডেস্ক |
মদিনার পবিত্র মসজিদে নববিতে গ্রীষ্মকালীন স্বেচ্ছাসেবী কর্মসূচির জন্য আবেদন গ্রহণ শুরু করেছে মসজিদে নববির ধর্মবিষয়ক প্রেসিডেন্সি। ১৮ জুন থেকে ১৭ জুলাই ২০২৬ পর্যন্ত এক মাসব্যাপী এ কর্মসূচি পরিচালিত হবে। কর্তৃপক্ষ জানিয়েছে, কর্মসূচির আওতায় স্বেচ্ছাসেবীরা ধর্মীয় দিকনির্দেশনা প্রদান, বিভিন্ন ভাষায় অনুবাদ সেবা, দর্শনার্থী ব্যবস্থাপনা এবং বয়স্ক ও বিশেষ চাহিদাসম্পন্ন মুসল্লিদের সহায়তার মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন। এ কর্মসূচিতে মোট ১০০ জন স্বেচ্ছাসেবক অংশগ্রহণের সুযোগ পাবেন। ১৫ থেকে ৬৫ বছর বয়সী পুরুষরা আবেদন করতে পারবেন। বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্যও অংশগ্রহণের সুযোগ রাখা হয়েছে। তবে আবেদনকারীদের সৌদি নাগরিক অথবা বৈধ ইকামাধারী বিদেশি বাসিন্দা হতে হবে। পাশাপাশি সক্রিয় আবশার (Absher) অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক। প্রতিদিন বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দায়িত্ব পালন করতে হবে। পুরো কর্মসূচিতে একজন স্বেচ্ছাসেবককে মোট ১২০ ঘণ্টা সেবা প্রদান করতে হবে। কর্মসূচির দায়িত্বের মধ্যে থাকবে মসজিদে আগত দর্শনার্থীদের সহযোগিতা, নামাজের কাতার সুশৃঙ্খলভাবে বিন্যস্ত করা, প্রয়োজনীয় তথ্য প্রদান এবং বিভিন্ন ভাষাভাষী মুসল্লিদের জন্য অনুবাদ সেবা নিশ্চিত করা। ধর্মবিষয়ক প্রেসিডেন্সি আশা প্রকাশ করেছে, এ উদ্যোগ মসজিদে নববিতে আগত মুসল্লি ও জিয়ারতকারীদের সেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং স্বেচ্ছাসেবীদের জন্যও পবিত্র পরিবেশে সেবামূলক কাজে অংশ নেওয়ার অনন্য সুযোগ সৃষ্টি করবে। সূত্র: ইসলামিক ইনফরমেশন জেডএম/ |