
|
‘শিক্ষার্থীদের জন্য সপ্তাহে একদিন ফ্রি জুলাই জাদুঘর’
প্রকাশ:
১১ আগস্ট, ২০২৬, ০১:০৫ দুপুর
নিউজ ডেস্ক |
দেশের স্কুল শিক্ষার্থীদের জন্য সপ্তাহে একদিন বিনামূল্যে ‘জুলাই জাদুঘর’ পরিদর্শনের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে আয়োজিত এক সাপ্তাহিক ব্রিফিংয়ে এই তথ্য জানান প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার এবং সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। উপদেষ্টা জানান, জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, “সপ্তাহে একদিন স্কুলের শিক্ষার্থীরা কোনো ফি ছাড়াই জুলাই জাদুঘরে প্রবেশ করতে পারবে। পর্যায়ক্রমে জাতীয় জাদুঘরসহ দেশের অন্যান্য জাদুঘরগুলোতেও শিক্ষার্থীদের জন্য একই ধরনের সুবিধা চালু করার পরিকল্পনা রয়েছে।” উল্লেখ্য, গত ৫ আগস্ট সকাল ৯টায় প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এই জাদুঘরটি উদ্বোধন করেন। উদ্বোধনের দিনটি জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের পরিবারের সদস্যদের জন্য সংরক্ষিত ছিল। এখন এটি সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত। সময়সূচি ও সাপ্তাহিক ছুটি জাদুঘর কর্তৃপক্ষ জানিয়েছে, সপ্তাহের নির্দিষ্ট দিনে এটি খোলা থাকবে: শনিবার থেকে বুধবার: সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। শুক্রবার: দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। বৃহস্পতিবার: সাপ্তাহিক ছুটি (বন্ধ)। টিকিট ও প্রবেশ পদ্ধতি জাদুঘরে প্রবেশের জন্য সব ধরনের টিকিট কেবল অনলাইনে সংগ্রহ করা যাবে। দর্শনার্থীদের ভিড় সামলাতে সময়ভিত্তিক (স্লট) প্রবেশের ব্যবস্থা রাখা হয়েছে। ওয়েবসাইট: www.july36.gov.bd টিকিট মূল্য: প্রাপ্তবয়স্কদের জন্য ৫০ টাকা এবং শিশুদের জন্য ২৫ টাকা। (স্কুল শিক্ষার্থীদের ফ্রি এন্ট্রির দিনটি শীঘ্রই নির্দিষ্ট করে জানানো হবে)। অনলাইনে টিকিট বুক করার সময় দর্শনার্থীরা তাদের প্রবেশের নির্ধারিত স্লট বা সময় জানতে পারবেন। কোনো দিনের নির্ধারিত স্লট পূর্ণ হয়ে গেলে পরবর্তী দিনের জন্য বুকিং দিতে হবে। আরএইচ/ |