
|
জমি নিয়ে বিরোধের জেরে হামলা, নিহত ১
প্রকাশ:
১১ আগস্ট, ২০২৬, ০৫:১৩ বিকাল
নিউজ ডেস্ক |
নেত্রকোনার কেন্দুয়ায় জমিসংক্রান্ত পূর্বশত্রুতার জেরে হামলায় আফতাব উদ্দিন (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১১ আগস্ট) সকালে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কেন্দুয়া থানার ওসি তরিকুল ইসলাম। এর আগে শনিবার (৮ আগস্ট) সকালে জমি সংক্রান্ত জেরে আফতাব উদ্দিন উপর্যুপরি চুরিকাঘাতে শিকার হয়েছিলেন। নিহত আফতাব উদ্দিন উপজেলার রোয়াইলবাড়ী ইউনিয়নের ফতেপুর কান্দাপাড়া গ্রামের মৃত আব্দুল গণির ছেলে। তিনি কৈলাটি ফতেপুর শাখা ডাকঘরের রানার হিসেবে কর্মরত ছিলেন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমি নিয়ে আফতাব উদ্দিনের সঙ্গে তার চাচাতো ভাই একই গ্রামের প্রয়াত উছমান গণির ছেলে ফরিদ মিয়ার বিরোধ চলছিল। গত শনিবার সকাল ১০টার দিকে উপজেলার রোয়াইলবাড়ী ইউনিয়নের কৈলাটি ঈদগাহ মাঠসংলগ্ন এলাকায় আফতাব উদ্দিনকে একা পেয়ে উপর্যুপরি ছুরিকাঘাতে আহত করেন ফরিদ মিয়া ও তার লোকজন। স্থানীয়রা গুরুতর অবস্থায় আফতাবকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে তিনদিন চিকিৎসাধীন থাকার পর আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। কেন্দুয়া থানার ওসি মুহাম্মদ তরিকুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এখনো লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’ এসএইচ/ |