জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগে সরকার আগ্রহী: মন্ত্রী
প্রকাশ: ১১ আগস্ট, ২০২৬, ০৫:৫৭ বিকাল
নিউজ ডেস্ক

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, বতর্মান সরকার বিনিয়োগবান্ধব। জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগে আগ্রহ রয়েছে।  গ্যাস সংকটের কারণে দেশের শিল্পমালিকেরা যাতে বিপদে না পড়েন, সেদিকে সরকার নজর রাখছে।সংকট মোকাবিলায় শিল্পমালিকদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

গ্যাস সংকটের কারণে দেশের শিল্পমালিকেরা যাতে বিপদে না পড়েন, সেদিকে সরকার নজর রাখছে

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে রাজধানীর ঢাকা ক্লাবে ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশ আয়োজিত ‘জ্বালানি খাতের সংকট: সম্ভাবনা ও উত্তরণের উপায়’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

বিদ্যুৎমন্ত্রী দেশের বর্তমান সংকটকে কাজে লাগিয়ে কেউ যেন অনৈতিক সুবিধা নিতে না পারে, সে বিষয়েও সতর্ক থাকার আহ্বান জানান।

অতীত সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের সমালোচনা করে টুকু বলেন, আগের সরকার ১৬ বছর উন্নয়নের কথা বলে ক্ষমতায় ছিল। কিন্তু দায়িত্ব নেওয়ার পর দেখা গেছে, যেখানে অর্থ উপার্জনের সুযোগ ছিল, সেখানেই উন্নয়ন করা হয়েছে।

বর্তমান গ্যাস সংকটের কারণ হিসেবে একটি ভাসমান এলএনজি সংরক্ষণ ও পুনঃগ্যাসীকরণ টার্মিনাল (এফএসআরইউ) বন্ধ থাকার বিষয়টি উল্লেখ করেন তিনি। একটি এফএসআরইউ বন্ধ হওয়ায় সারা দেশে গ্যাসের সংকট তীব্র হয়েছে বলে জানান মন্ত্রী।

কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের বিষয়ে সতর্ক অবস্থান নেওয়ার কথা জানিয়ে টুকু বলেন, এ ধরনের প্রকল্প বাস্তবায়নে খুব সতর্কতার সঙ্গে এগোতে হবে। কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের কারণে অনেক অর্থায়ন বন্ধ হয়ে গেছে বলেও জানান তিনি।

নবায়নযোগ্য জ্বালানির মধ্যে সৌরবিদ্যুৎ সম্প্রসারণে সরকারের পরিকল্পনার কথাও তুলে ধরেন মন্ত্রী। তিনি বলেন, সৌরবিদ্যুৎ খাতকে ব্যবসাবান্ধব করার জন্য সরকার কাজ করেছে। দুই মাসের মধ্যে এ বিষয়ে নীতি তৈরি করা হয়েছে এবং নীতিতে যা বলা হয়েছে, তা বাস্তবায়ন করা হবে।

ওপেক্স মডেলে ঢাকা শহর থেকে শুরু করে সারা দেশে সৌরবিদ্যুৎ ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।

সেমিনারে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, জ্বালানি খাতের বিশেষজ্ঞ, ব্যবসায়ী প্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আইও/