বিকেএম মিডিয়া সেলের আয়োজনে ওরিয়েন্টেশন কর্মশালা
প্রকাশ: ২০ জুন, ২০২৬, ০১:৩৪ দুপুর
নিউজ ডেস্ক

দেশব্যাপী সাংগঠনিক কার্যক্রম ও বিভিন্ন কর্মসূচির সংবাদ স্থানীয়, জাতীয় এবং আন্তর্জাতিক গণমাধ্যমসহ সামাজিক যোগাযোগমাধ্যমে দক্ষ ও কার্যকরভাবে উপস্থাপনের লক্ষ্যে বাংলাদেশ খেলাফত মজলিসের (বিকেএম) কেন্দ্রীয় মিডিয়া সেল আয়োজিত ‘মজলিস মিডিয়া নেটওয়ার্ক (এমএমএন) ওরিয়েন্টেশন কর্মশালা’ শনিবার (২০ জুন ২০২৬) সকালে ঢাকার পুরানা পল্টনে অবস্থিত দারুল খিলাফাহ মিলনায়তনে শুরু হয়েছে।

সকাল ১০টায় শুরু হওয়া এ কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীরে মজলিস মাওলানা মামুনুল হক। উদ্বোধনী বক্তব্যে তিনি ইসলামী আন্দোলনের আদর্শ, কর্মসূচি ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড জনগণের কাছে যথাযথভাবে পৌঁছে দিতে দক্ষ ও দায়িত্বশীল মিডিয়া নেটওয়ার্ক গড়ে তোলার গুরুত্ব তুলে ধরেন।

কর্মশালার প্রথম অধিবেশনে ‘ইসলামী আন্দোলনে মিডিয়ার গুরুত্ব ও চ্যালেঞ্জ’ শীর্ষক বিষয়ে আলোচনা উপস্থাপন করেন বিশিষ্ট লেখক, গবেষক ও কলামিস্ট মাওলানা মুসা আল হাফিজ। তিনি বর্তমান তথ্যপ্রযুক্তিনির্ভর যুগে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের কার্যকর ব্যবহার, তথ্য পরিবেশনে দায়িত্বশীলতা এবং ইসলামী আন্দোলনের সামনে বিদ্যমান বিভিন্ন মিডিয়া-চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

দিনব্যাপী এ কর্মশালায় দেশের বিভিন্ন জেলা ও মহানগর থেকে আগত মজলিস মিডিয়া নেটওয়ার্কের প্রতিনিধিরা অংশগ্রহণ করছেন। সকাল ১০টা থেকে শুরু হওয়া কর্মশালা সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে। এতে মিডিয়া ব্যবস্থাপনা, সংবাদ পরিবেশন, সামাজিক যোগাযোগমাধ্যমের কার্যকর ব্যবহার এবং সাংগঠনিক প্রচার-প্রসার সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ ও দিকনির্দেশনা প্রদান করা হবে।

আরএইচ/