
|
১২ রবিউল আউয়াল উপলক্ষে আমিরাতে তিন দিনের সরকারি ছুটি
প্রকাশ:
১২ আগস্ট, ২০২৬, ১০:০৮ দুপুর
নিউজ ডেস্ক |
আন্তর্জাতিক ডেস্ক নবীজির স্মৃতিবিজড়িত পবিত্র ১২ রবিউল আউয়াল উপলক্ষে মধ্যপ্রাচ্যের দেশ আরব আমিরাতে টানা তিন দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। আমিরাতের সরকারি ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ২৫ আগস্ট (মঙ্গলবার) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত হওয়ার কথা রয়েছে। তবে মধ্যসপ্তাহের সরকারি ছুটিগুলোকে সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে দীর্ঘ অবকাশ নিশ্চিত করতে আমিরাতের মন্ত্রিসভার বিশেষ বিধান রয়েছে। সেই নিয়ম অনুযায়ী, মঙ্গলবারের ছুটির দিনটি পিছিয়ে ২৮ আগস্ট (শুক্রবার) নির্ধারণ করা হতে পারে। এর ফলে সরকারি ও বেসরকারি খাতের যে সব প্রতিষ্ঠানে শনিবার ও রবিবার সাপ্তাহিক ছুটি বহাল রয়েছে, সেসব প্রতিষ্ঠানের কর্মীরা ২৮ আগস্ট (শুক্রবার) থেকে ৩০ আগস্ট (রোববার) পর্যন্ত টানা ৩ দিনের ছুটি পাবেন। ৩১ আগস্ট (সোমবার) থেকে পুনরায় স্বাভাবিক কর্মদিবস শুরু হবে। আমিরাতের ছুটির নীতিমালার ২ নম্বর ধারা অনুযায়ী, দুই ঈদ ব্যতীত অন্যান্য যেকোনো সরকারি ছুটি সপ্তাহের শুরুতে বা শেষে স্থানান্তর করার এখতিয়ার মন্ত্রিসভার রয়েছে। এই ৩ দিনের ছুটির ফলে প্রবাসী বাংলাদেশি সহ সাধারণ বাসিন্দারা পারিবারিক ভ্রমণ ও অবসরের বাড়তি সুযোগ পাবেন। প্রসঙ্গত, আগস্টের এই ছুটির পর ২০২৬ সালে আমিরাতে সর্বশেষ প্রধান সরকারি ছুটি থাকবে ডিসেম্বরের শুরুতেই। আগামী ২ ও ৩ ডিসেম্বর (বুধবার ও বৃহস্পতিবার) সংযুক্ত আরব আমিরাতের জাতীয় দিবস (ঈদ আল ইতিহাদ) উপলক্ষে চার দিনের সম্ভাব্য দীর্ঘ ছুটি উপভোগ করতে পারবেন দেশটির বাসিন্দারা। সূত্র: গালফ নিউজ আরএইচ/ |