সৌদি বিশ্ববিদ্যালয়ের অ্যাসোসিয়েট প্রফেসর হলেন মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানীর সাহেবজাদা
প্রকাশ: ১২ আগস্ট, ২০২৬, ১১:৪৪ দুপুর
নিউজ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য মাওলানা প্রিন্সিপাল সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানীর বড় সাহেবজাদা ড. হাফেজ সৈয়দ মুহাম্মাদ মাবরুক বিল্লাহ আল-মাদানী সৌদি আরবের দাম্মামস্থ প্রিন্স মোহাম্মাদ বিন ফাহদ ইউনিভার্সিটিতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর থেকে অ্যাসোসিয়েট প্রফেসর পদে পদোন্নতি পেয়েছেন। তাঁর এ পদোন্নতিতে পরিবার, শুভাকাঙ্ক্ষী ও স্বজনদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।

ড. হাফেজ সৈয়দ মুহাম্মাদ মাবরুক বিল্লাহ আল-মাদানী কুরআনের হাফেজ ও একজন বিজ্ঞ আলেম। তিনি নিউজিল্যান্ডের মাসি ইউনিভার্সিটি থেকে ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। পাশাপাশি মালয়েশিয়ার একটি বিশ্ববিদ্যালয় থেকেও উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন।

দীর্ঘ অধ্যবসায়, নিরলস পরিশ্রম, নির্ঘুম রাত ও অগণিত ত্যাগের মধ্য দিয়ে তিনি তাঁর একাডেমিক জীবনে এ গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেন। তাঁর এই অর্জন শুধু তাঁর পরিবার বা স্বজনদের জন্য নয়, দেশের তরুণ প্রজন্মের জন্যও অনুপ্রেরণার বলে মনে করছেন তাঁর শুভাকাঙ্ক্ষীরা।

ড. সৈয়দ মাবরুক বিল্লাহ আল-মাদানীর অ্যাসোসিয়েট প্রফেসর পদে পদোন্নতিতে তাঁর পরিবার ও শুভাকাঙ্ক্ষীরা অভিনন্দন জানিয়েছেন। তাঁরা তাঁর উত্তরোত্তর সাফল্য, জ্ঞানচর্চার বিস্তার এবং সর্বাঙ্গীন কল্যাণ কামনা করেছেন।

আরএইচ/